সকাল ৯টায় হাজিরা বাধ্যতামূলক! প্রথম ৪০ মিনিট অফিসে থাকতেই হবে, নয়া ফরমান বাংলাদেশে
গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে
Truth of Bengal: বাংলাদেশে সরকারি কর্মচারীদের জন্য নিয়মকানুন আরও কঠোর করার পথে হাঁটল নবগঠিত বিএনপি সরকার। জনসেবাকে অগ্রাধিকার দিতে এবং প্রশাসনিক কাজে গতি আনতে প্রতিটি সরকারি কর্মচারীর জন্য এখন থেকে সকাল ৯টায় অফিসে উপস্থিত হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, অফিসে পৌঁছনোর পর প্রথম ৪০ মিনিট অর্থাৎ সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত কোনো কর্মচারী নিজের দপ্তর ছেড়ে বাইরে যেতে পারবেন না।
নতুন এই নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে যে, ব্যক্তিগত কাজ যেমন ব্যাঙ্কে যাওয়া, সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়া বা হাসপাতালে যাওয়ার মতো কাজগুলো অফিসের সময়ের আগে সেরে নিতে হবে। অফিসে ঢোকার পথে এই সমস্ত কাজ সেরে দেরি করে দপ্তরে আসা এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এমনকি সেমিনার, কর্মশালা বা অতিথি বক্তা হিসেবে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচিও সকাল ৯টা ৪০ মিনিটের আগে রাখা যাবে না। সাধারণ মানুষ যাতে নির্দিষ্ট সময়ে পরিষেবা পান এবং আন্তঃবিভাগীয় সমন্বয় বজায় থাকে, সেই উদ্দেশ্যেই এই কড়াকড়ি।
সরকার জানিয়েছে, ২০১৯ সালের সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা এবং ২০২৪ সালের সচিবালয় নির্দেশিকা অনুযায়ী এই নিয়মগুলো বলবৎ করা হয়েছে। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। শিক্ষক, হাসপাতালের চিকিৎসক ও নার্স, কারাগার, গণমাধ্যম এবং নিরাপত্তা সংস্থায় যারা রোস্টার অনুযায়ী কাজ করেন, তারা এই নির্দিষ্ট সময়সীমার আওতার বাইরে থাকবেন। এছাড়া মাঠ পর্যায়ের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রেও এই নিয়ম শিথিলযোগ্য।
গত মাসেই বাংলাদেশে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তারেক রহমান একের পর এক প্রশাসনিক সংস্কারের পথে হাঁটছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি সরকারি পরিষেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তাঁর সরকারের মূল লক্ষ্য। নির্দেশিকায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বা দাপ্তরিক কারণ ছাড়া নির্ধারিত সময়ে কর্মস্থল ত্যাগ করলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।




