কলকাতারাজ্যের খবর

ভোটের মুখে মেজাজে দিলীপ, ‘আমরা ফালতু সেকুলারিজম দেখাই না’ মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল

সেখানেই ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘হিন্দুত্ব’ প্রসঙ্গে তাঁর করা কিছু মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে।

Truth Of Bengal: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের নিজের চেনা মেজাজে ধরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে সল্টলেকে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিষয়ে মুখ খোলেন। সেখানেই ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘হিন্দুত্ব’ প্রসঙ্গে তাঁর করা কিছু মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মায়াপুর সফর প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ সপাটে জানান, বিজেপি হিন্দুত্ব নিয়ে কোনও লুকোছাপা করায় বিশ্বাসী নয়। তাঁর কথায়, “বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না। কারণ এই দেশ হিন্দু। আমাদের কালচার, লাইফস্টাইল হিন্দু। আমরা ফালতু সেকুলারিজম দেখাই না।”

রাজনৈতিক মহলের মতে, তৃণমূল বারবার বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির যে অভিযোগ তোলে, দিলীপ ঘোষের এই মন্তব্য যেন তারই প্রতিধ্বনি। তবে ভোট আবহে এটি কোনও পরিকল্পিত রণকৌশল কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।

বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক কর্মসূচির বাইরে তাঁর এই সফরের মূল আকর্ষণ মায়াপুরের ইসকন মন্দির দর্শন। বিজেপির মতো ‘ধর্মনিরপেক্ষ’ দলের শীর্ষ নেতার এই মন্দির সফর কি আসলে হিন্দুত্বের তাস? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, ইসকন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই অমিত শাহকে আমন্ত্রণ জানাচ্ছিলেন। সময়ের অভাবে আগে যাওয়া সম্ভব হয়নি, এবার তিনি সেই সুযোগ করে নিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Truth Of Bengal (@truth_of_bengal)

দিলীপবাবুর মতে, মায়াপুর একটি বিশ্বখ্যাত পর্যটন ও আধ্যাত্মিক কেন্দ্র, যা প্রত্যেকেরই একবার ঘুরে দেখা উচিত। তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে, জীবনচর্যা এবং আদর্শে বিজেপি হিন্দুত্বকেই প্রাধান্য দেয় এবং এতে লুকানোর কিছু নেই।

নির্বাচনের ঠিক মুখে দিলীপ ঘোষের এই ‘বিস্ফোরক’ অবস্থান এবং অমিত শাহের মায়াপুর সফর— দুইয়ে মিলে বঙ্গ রাজনীতিতে হিন্দুত্ব বনাম ধর্মনিরপেক্ষতার বিতর্ক যে আরও কয়েক ধাপ উসকে গেল, তা বলাই বাহুল্য।

Related Articles