দেশ

দিল্লির হাই-ভোল্টেজ সামিটে বড় চমক! বিতর্কের জেরে কি বাতিল বিল গেট্‌সের আমন্ত্রণ?

সূত্রের দাবি, সম্প্রতি প্রকাশিত এপস্টিন ফাইলে গেট্‌সের নাম জড়িয়ে পড়ার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

Truth Of Bengal: দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলন ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ যোগ দিতে ভারতে এসেছেন মাইক্রোসফ্‌টের প্রতিষ্ঠাতা বিল গেট্‌স। তবে দেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রের দাবি, তাঁকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর বিষয়টি পুনর্বিবেচনা করছে নয়াদিল্লি। বুধবার দুপুরে প্রকাশিত গুরুত্বপূর্ণ আমন্ত্রিতদের তালিকায় গেট্‌সের নাম নেই বলেও জানা গেছে। যদিও এ বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এবং খবরের সত্যতা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। সূত্রের দাবি, সম্প্রতি প্রকাশিত এপস্টিন ফাইলে গেট্‌সের নাম জড়িয়ে পড়ার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। কেন্দ্রীয় সূত্রের বক্তব্য, যৌন অপরাধী জেফ্রি এপস্টিন এবং তাঁর ঘনিষ্ঠদের দ্বারা নির্যাতিতদের পাশে থাকার বার্তা দিতেই এমন পদক্ষেপ।

সোমবার ভারতে পৌঁছন গেট্‌স। বর্তমানে ‘গেট্‌স ফাউন্ডেশন’-এর প্রধান হিসেবে তিনি অন্ধ্রপ্রদেশ সফরে গিয়ে পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং মন্ত্রী নারা লোকেশের সঙ্গে বৈঠক করেন। শোনা গিয়েছিল, মঙ্গলবার এআই সম্মেলনে তিনি যোগ দিতে পারেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বক্তব্যও রাখতে পারেন। তবে সাম্প্রতিক পরিস্থিতির জেরে সেই পরিকল্পনা স্থগিত হয়েছে বলে খবর।

সম্প্রতি প্রকাশিত এপস্টিন ফাইলে একাধিক ইমেলের উল্লেখ রয়েছে, যেখানে গেট্‌স ও এপস্টিনের সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। এমনকি কিছু বিতর্কিত অভিযোগও সামনে এসেছে, যা নিয়ে সমাজমাধ্যমে সমালোচনা শুরু হয়। যদিও এই সব অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছেন গেট্‌স।

অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গেট্‌স এপস্টিনের সঙ্গে তাঁর পরিচয় ও সাক্ষাতের কথা স্বীকার করেছেন। তবে অন্য কোনও অনৈতিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এপস্টিন প্রসঙ্গে গেট্‌স বলেন, “ওঁর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি অনুতপ্ত। আমি দুঃখিত।”