রঙ খেলুন নির্ভয়ে! দোল পূর্ণিমায় ত্বক ও চুলের সুরক্ষা দেবে আপনার হাতের তৈরি অর্গানিক আবির
হাতের কাছে রান্নাঘরে থাকা সাধারণ আটা দিয়েই বানিয়ে ফেলুন মনকাড়া ভেষজ বা অর্গানিক আবির
Truth of Bengal: বসন্তের ফুরফুরে হাওয়ায় দোল আর হোলির রঙ মেখার আনন্দই আলাদা। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে মন্দের ওপর ভালোর জয়ের এই উৎসব এবার পালিত হতে চলেছে আগামী ৩ ও ৪ মার্চ। ৩ তারিখ মঙ্গলবার পালিত হবে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া, আর তার পরের দিন অর্থাৎ ৪ তারিখ বুধবার দেশজুড়ে মাতোয়ারা হবে রঙের উৎসবে।
কিন্তু আনন্দ করতে গিয়ে বাজারের রাসায়নিক যুক্ত কড়া রঙ মেখে ত্বক আর চুলের দফারফা হোক— এটা কেউই চায় না। তাই এই হোলিতে কেন খাবেন বাজারের কেমিক্যাল রঙের ভয়? আপনার হাতের কাছে রান্নাঘরে থাকা সাধারণ আটা দিয়েই বানিয়ে ফেলুন মনকাড়া ভেষজ বা অর্গানিক আবির। খুব সহজেই কীভাবে বাড়িতে রঙ তৈরি করবেন, রইল তার সুলুকসন্ধান:
বাড়িতেই তৈরি করুন ভেষজ রঙের ডালি
১. সোনালী হলুদ আবির
হলুদ রঙ ছাড়া হোলি ভাবাই যায় না। এর জন্য পরিমাণমতো আটার সাথে মিশিয়ে নিন রান্নার হলুদ গুঁড়ো। তবে সবথেকে ভালো হয় যদি অর্গানিক হলুদ ব্যবহার করতে পারেন। চাইলে কাঁচা হলুদ বাটা দিয়ে আটা মেখে নিয়ে রোদে শুকিয়েও চমৎকার ভেষজ আবির তৈরি করা সম্ভব।
২. সতেজ সবুজ আবির
সবুজ আবির বানাতে ব্যবহার করুন পালং শাক বা ধনে পাতা। পালং শাক শুকিয়ে নিয়ে গুঁড়ো করে আটার সঙ্গে মেশাতে পারেন। আবার টাটকা ধনে পাতা বেটে সেই রস আটার সাথে মিশিয়ে শুকিয়ে নিলেও মিলবে গাঢ় সবুজ আভা।
৩. টকটকে লাল আবির
লাল রঙের জন্য বিট হলো সেরা বিকল্প। বিট কুড়িয়ে বা মিক্সারে পিষে তার রস বের করে নিন। সেই রস আটার সঙ্গে ভালো করে মিশিয়ে রোদে শুকাতে দিন। কড়া লাল বা গোলাপি রঙের আবির মুহূর্তেই তৈরি হয়ে যাবে।
৪. উজ্জ্বল কমলা আবির
কমলা রঙের আভা পেতে আটার সাথে সামান্য জাফরান বা ভোজ্য রঙ (ফুড কালার) মিশিয়ে নিতে পারেন। জাফরান মিশ্রিত আবির শুধু রঙই দেয় না, ত্বকের জন্যও বেশ উপকারী।
জরুরি কিছু টিপস:
রোদে শুকানো: রঙ মেশানো আটা শুকানোর জন্য বড় থালা বা খবরের কাগজ ব্যবহার করুন।
মসৃণতা বজায় রাখা: শুকানোর পর আটায় ছোট ছোট ডেলা পাকিয়ে যেতে পারে। তাই একবার মিক্সারে ঘুরিয়ে নিন অথবা চালনি দিয়ে চেলে নিন। এতে আবির একদম বাজারের মতো মিহি ও মসৃণ হবে।
রাসায়নিকের ভয় দূরে সরিয়ে এই ঘরোয়া ভেষজ রঙে মেতে উঠুন দোল উৎসবে। এতে আপনার ত্বকও থাকবে সুরক্ষিত, আর উৎসবের আমেজও হবে দ্বিগুণ।


