সিভিক ভলান্টিয়ারদের এক লাফে বেতন বৃদ্ধি, বড় ঘোষণা বাজেটে
অন্তর্বর্তীকালীন বাজেট পেশের সময় এই সকল কর্মীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিমার সুবিধাতেও বড়সড় ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
Truth of Bengal: রাজ্য বাজেটে এবার বড় স্বস্তি পেলেন সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার বিধানসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশের সময় এই সকল কর্মীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিমার সুবিধাতেও বড়সড় ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
সিভিকদের বেতন বৃদ্ধি! pic.twitter.com/3bvLkQMOe6
— TOB DIGITAL (@DigitalTob) February 5, 2026
পুলিশ প্রশাসনকে দিনরাত সাহায্য করার পুরস্কার হিসেবে তাঁদের মাসিক পারিশ্রমিক এক ধাক্কায় ১০০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, এই সিদ্ধান্ত আগামী এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে। বর্তমানে রাজ্যে প্রায় ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মী কর্মরত রয়েছেন। তাঁদের দীর্ঘদিনের দাবি মেনে এই বেতন বৃদ্ধির সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সংশ্লিষ্ট মহলে।
বেতন বৃদ্ধির পাশাপাশি সামাজিক সুরক্ষাতেও বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার। কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু হলে তাঁদের পরিবার আগে ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য পেত। বাজেটে সেই সাহায্যের পরিমাণ একলাফে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার কথা ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই পুরো প্রক্রিয়াটি বাস্তবায়িত করতে এবং কর্মীদের বর্ধিত বেতন ও সুবিধা প্রদান করতে রাজ্য বাজেটে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ব্যয়বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। অর্থমন্ত্রীর কথায়, এই সকল কর্মীরা পুলিশ প্রশাসনের হাত শক্ত করতে প্রশংসনীয় কাজ করে চলেছেন, আর সেই কাজের স্বীকৃতি দিতেই এই পদক্ষেপ।






