কলকাতা

পিছিয়ে যাচ্ছে রাজ্য বাজেট? ৩১ জানুয়ারির বদলে নতুন দিনক্ষণ নিয়ে বিধানসভার অন্দরে জোর জল্পনা

আগামী ৩১ জানুয়ারি থেকে অধিবেশন শুরু হওয়ার কথা ছিল এবং ২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করার কথা ছিল।

Truth of Bengal: রাজ্য বাজেট অধিবেশন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিধানসভার অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি থেকে অধিবেশন শুরু হওয়ার কথা ছিল এবং ২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেই সূচিতে বদল আসতে চলেছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি বাজেট পেশ হতে পারে এবং ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন চলতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটিই বর্তমান তৃণমূল সরকারের শেষ বাজেট অধিবেশন। নিয়ম মেনে সরকার এবার পূর্ণাঙ্গ বাজেটের বদলে ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে তবেই পূর্ণাঙ্গ বাজেট পেশের প্রক্রিয়া শুরু হবে। তবে কেন এই গুরুত্বপূর্ণ অধিবেশনের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে নবান্ন বা বিধানসভার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

অধিবেশন পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তিনটি প্রধান তত্ত্ব ঘোরাফেরা করছে। প্রথমত, ফেব্রুয়ারি মাসে শাসকদলের বেশ কিছু বড় মাপের দলীয় কর্মসূচি রয়েছে, যার ফলে অধিবেশনের সময়সূচিতে রদবদল করা হতে পারে। দ্বিতীয়ত, আগামী ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে যাচ্ছেন। তিনি কবে নাগাদ ফিরবেন তা নিশ্চিত না হওয়াও বাজেট পিছিয়ে যাওয়ার একটি বড় কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্য একটি মহলের ধারণা, অন্তর্বর্তীকালীন এই বাজেটের শেষ মুহূর্তে বিশেষ কিছু সংশোধন বা পরিবর্তন আনার কাজ চলছে। যেহেতু এটি ভোটের আগে বর্তমান সরকারের শেষ বাজেট বক্তব্য, তাই জনকল্যাণমূলক প্রকল্প বা আর্থিক বরাদ্দের ক্ষেত্রে কোনো বিশেষ চমক রাখার পরিকল্পনাও থাকতে পারে।