পুজোয় উত্তরবঙ্গ ও অসমের জন্য বাড়তি ট্রেন
হাওড়া-লামডিং বিশেষ ট্রেনটি ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার চলবে।
Truth of Bengal: পুজো, দীপাবলি ও ছট পুজোর মরশুমে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে একগুচ্ছ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হাওড়া-লামডিং এবং কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে চলবে এই বিশেষ ট্রেনগুলি।
হাওড়া-লামডিং বিশেষ ট্রেনটি ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার চলবে। মোট সাতটি যাত্রা করবে ট্রেনটি। হাওড়া থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৮টায় লামডিং পৌঁছবে। ফেরার পথে লামডিং-হাওড়া বিশেষ ট্রেনটি ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে। লামডিং থেকে সকাল ১১টায় ছেড়ে পরের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। পথে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা ও মালদা টাউনে দাঁড়াবে ট্রেনটি।
অন্যদিকে কলকাতা-নিউ জলপাইগুড়ি বিশেষ ট্রেনটি ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার ও রবিবার চলবে। মোট ১৪টি যাত্রা থাকবে। ফেরার ট্রেন চলবে ১৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার ও সোমবার। নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা ও মালদা টাউন স্টেশনে মিলবে পরিষেবা।
দুই রুটের ট্রেনেই সাধারণ, শয়ন ও শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থাকবে। তবে টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা পরে জানাবে পূর্ব রেল।






