দিল্লিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ারের সঙ্গে ব্রেকফাস্ট মিটিং রাহুল-প্রিয়ঙ্কার
রাহুল ও প্রিয়ঙ্কার সঙ্গে আনওয়ার ইব্রাহিমের বৈঠকের একাধিক ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছে কংগ্রেস।
Truth of Bengal: ব্রিকস সম্মেলনের ফাঁকে দিল্লিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের সঙ্গে প্রাতরাশ-বৈঠক করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বাড্রাও। ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
রাহুল ও প্রিয়ঙ্কার সঙ্গে আনওয়ার ইব্রাহিমের বৈঠকের একাধিক ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছে কংগ্রেস। ব্রিকস সম্মেলনের আবহে এই বৈঠককে রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বাণিজ্য, সেমিকনডাক্টর, প্রতিরক্ষা, পরিকাঠামো, পরিচ্ছন্ন জ্বালানি এবং বিনিয়োগ-সহ একাধিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়।
মালয়েশিয়া ব্রিকসের অংশীদার দেশ হওয়ার পাশাপাশি আসিয়ান অঞ্চলে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী। দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি এবং পর্যটনেও সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা চলছে।






