কলকাতা

রাজ্য বাজেটে চমক! শিক্ষিত বেকারদের জন্য ‘বাংলার যুব-সাথী’ প্রকল্প, মাসে মিলবে ১৫০০ টাকা

২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন।

Truth Of Bengal: রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য ঘোষণা করলেন নতুন প্রকল্প ‘বাংলার যুব-সাথী’। এই প্রকল্পের আওতায় রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের স্বনির্ভর হওয়ার পথে সহায়তা করতে প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে।

📌 প্রকল্পের মূল বৈশিষ্ট্যসমূহ:
আর্থিক সহায়তা: প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন: ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীরা।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সময়সীমা: কর্মসংস্থান না হওয়া পর্যন্ত অথবা সর্বাধিক ৫ বছর অবধি এই সুবিধা মিলবে।
শর্তাবলি: যাঁরা শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, কেবল তাঁরাই এই প্রকল্পের আওতায় আসবেন।

অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৫ই আগস্ট, ২০২৬ থেকে এই প্রকল্প সারা রাজ্যে কার্যকর হবে। অর্থাৎ, স্বাধীনতা দিবস থেকেই রাজ্যের শিক্ষিত যুবসমাজ এই নতুন সুবিধা পেতে শুরু করবেন। এই প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে রাজ্য বাজেটে ৫,০০০ কোটি টাকা বিশাল অংকের ব্যয়বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, “রাজ্যের শিক্ষিত যুবসমাজকে কর্মসংস্থানের পথে এগিয়ে দিতে এবং তাঁদের লড়াইয়ে পাশে থাকতেই এই ‘বাংলার যুব-সাথী’ প্রকল্প। আমাদের বিশ্বাস, এই আর্থিক সহায়তা তাঁদের দক্ষতা বৃদ্ধিতে ও স্বনির্ভর হতে সহায়ক হবে।”

বিশ্লেষকদের মতে, মাধ্যমিক উত্তীর্ণ বেকারদের জন্য এই ১৫০০ টাকা প্রতি মাসে এক বড় সম্বল হয়ে দাঁড়াবে। বিশেষ করে যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কোনো কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁদের জন্য এই ‘বাংলার যুব-সাথী’ প্রকল্পটি একটি শক্তিশালী বুস্টার হিসেবে কাজ করবে।

Related Articles