পুজোর মুখে ডেঙ্গুর দাপট! রাজ্যে ৫ হাজার ছাড়াল আক্রান্ত
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মেডিক্যাল কলেজ এবং আয়ুষ্মান আরোগ্য মন্দিরেও নিয়মিত ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
Truth of Bengal: পুজোর মুখে রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই ৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে নজরদারি বাড়িয়েছে স্বাস্থ্য দপ্তর। ৮৫টি ব্লক, ২৭৮টি গ্রাম পঞ্চায়েত এবং ২৯টি পুরসভাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
হটস্পট এলাকাগুলিতে বাড়ানো হয়েছে পরীক্ষা। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মেডিক্যাল কলেজ এবং আয়ুষ্মান আরোগ্য মন্দিরেও নিয়মিত ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুজো প্যান্ডেলগুলিতেও নজরদারি চালানো হচ্ছে। এ নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
স্বাস্থ্য দপ্তরের হিসাবে, কোনও গ্রামে ৫ জনের বেশি, গ্রাম পঞ্চায়েতে ১০ জন বা তার বেশি এবং কোনও ব্লকে ৩০ জনের বেশি ডেঙ্গু আক্রান্ত থাকলে সেই এলাকাকে হটস্পট হিসেবে ধরা হচ্ছে। শহরাঞ্চলে কোনও ওয়ার্ডে ৫ জনের বেশি আক্রান্ত থাকলেও সেটি হটস্পট হিসেবে চিহ্নিত হবে।
বর্তমানে আক্রান্তের সংখ্যায় সবচেয়ে এগিয়ে মুর্শিদাবাদ। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। শিয়ালদহ, বড়বাজার, টালিগঞ্জ, কসবা, ঢাকুরিয়া, সিঁথি ও পাইকপাড়ায় একাধিক সংক্রমণের খবর মিলেছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-১ এবং ভাঙড়-২ ব্লকেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।






