মিমি চক্রবর্তীকে হেনস্থার জের, গ্রেফতার জ্যোতিষী তনয় শাস্ত্রী
গত রবিবার বনগাঁয়ের একটি ক্লাবের অনুষ্ঠানে মিমি দেরি করে পৌঁছান বলে অভিযোগ ওঠে।
Truth Of Bengal: বনগাঁর এক ক্লাবের অনুষ্ঠানে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে পারফরম্যান্সের সময় মঞ্চ থেকে নামিয়ে দেওয়া ও হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। গত রবিবার বনগাঁয়ের একটি ক্লাবের অনুষ্ঠানে মিমি দেরি করে পৌঁছান বলে অভিযোগ ওঠে। এরপর মঞ্চে পারফরম্যান্স চলাকালীনই তাঁকে নামিয়ে দেওয়া হয়—এই অভিযোগে বনগাঁ থানায় মিমি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে নাম ওঠে ক্লাব সদস্য তথা জ্যোতিষী তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। তিনদিন পর, বৃহস্পতিবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করতে গেলে এলাকাবাসীর বাধার মুখে পড়তে হয় পুলিশকে। তার অনুগামী ও স্থানীয়দের প্রতিবাদে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পুলিশের দাবি, গ্রেফতারের সময় তনয় শাস্ত্রীর বাড়ির সামনে কিছু মহিলা জড়ো হয়ে পুলিশের কাজ বাধা দেয়। পুলিশ রীতিমতো ঠেলাঠেলি করে বাড়ির ভিতরে ঢুকে তনয়কে আটক করে বাইরে নিয়ে আসে। এরপর পুলিশের কাজ বাধা দেওয়ার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে বলে বনগাঁ পুলিশ সূত্রে খবর জানিয়েছে।
ঘটনার সূত্রপাত রবিবারের ওই ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানে। বনগাঁয়ের নয়াগোপালগঞ্জ যুবক সংঘের আয়োজন করা অনুষ্ঠানে মিমিকে আমন্ত্রণ করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী রাত সাড়ে ১০টায় মিমির পারফরম্যান্স শুরু হওয়ার কথা ছিল। তবে ক্লাব সদস্যদের অভিযোগ, মিমি এক ঘণ্টা দেরিতে পৌঁছান এবং মঞ্চে উঠতে গিয়ে পৌনে ১২টা বাজে যায়। অনুষ্ঠানের অনুমতি রাত ১২টা পর্যন্ত ছিল বলে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে দাবি করা হয়।
মিমি বনগাঁ থানায় লিখিত অভিযোগে জানান, অনুষ্ঠান চলাকালীন ক্লাবের এক কর্মকর্তা তনয় শাস্ত্রী মঞ্চে উঠে এসে তাঁর গান বন্ধ করে দিয়ে তাঁকে অপমান করেন এবং মঞ্চ থেকে নামিয়ে দেন। মিমি এই আচরণকে হেনস্থা হিসেবে উল্লেখ করেছেন। যদিও ক্লাবের একজন কর্মকর্তা রাহুল বসু শোভন দাস অভিযোগ অস্বীকার করে বলেন, “মিমিকে অসম্মান করা হয়নি। তিনি দেরিতে আসায় প্রশাসন ও পরীক্ষার্থী শিক্ষার্থীদের কথা ভেবে আমরা ঠিক ১২টায় অনুষ্ঠান শেষ করি। মঞ্চ থেকে নামানো নয়, সসম্মানে বিদায় দেওয়া হয়েছে।” এই ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ, এবং মিমির অভিযোগের ভিত্তিতে তনয় শাস্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।






