আন্তর্জাতিক

ভারতীয়দের জন্য বন্ধ ভিসা! সংঘাতের আবহে নয়া পদক্ষেপ বাংলাদেশের

এই মুহূর্তে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশে পর্যটক হিসেবে যাওয়ার সুযোগ থাকছে না।

Truth Of Bengal: বাংলাদেশে বর্তমান অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রকের একটি সূত্র মারফত এই তথ্য জানা গিয়েছে। ঢাকার অন্তর্বর্তী সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের দাবি।

জানা গিয়েছে, এর আগে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস থেকে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করা হয়েছিল। শুধুমাত্র কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে এই পরিষেবা চালু ছিল। তবে সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে কলকাতার উপদূতাবাসেও পর্যটক ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। ফলে এই মুহূর্তে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশে পর্যটক হিসেবে যাওয়ার সুযোগ থাকছে না।

তবে বিদেশমন্ত্রকের সূত্র অনুযায়ী, ভারতীয়দের জন্য এমপ্লয়মেন্ট ভিসা এবং বিজনেস ভিসা এখনও চালু রয়েছে। অর্থাৎ কর্মসূত্রে বা ব্যবসায়িক প্রয়োজনে ভারতীয়রা বাংলাদেশে যেতে পারবেন। পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্যও ভিসা দেওয়া হবে বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই ধরনের ভিসা বহুস্তরীয় যাচাইয়ের মাধ্যমে প্রদান করা হয়, যার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা তুলনামূলকভাবে সহজ হয়।

এ বিষয়ে এখনও পর্যন্ত কলকাতার বাংলাদেশ উপদূতাবাস বা দিল্লির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় থেকেই দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি শুরু হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন হিংসাত্মক ঘটনার পাশাপাশি রাজনৈতিক উত্তেজনাও বেড়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, যা ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। এই প্রেক্ষিতেই নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতীয় পর্যটকদের ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related Articles