Khaleda Zia Death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শোকপ্রকাশ করে মোদির আবেগঘন বার্তা
প্রতিবেশী দেশের এই বর্ষীয়ান নেত্রীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Truth of Bengal: দীর্ঘ লড়াইয়ের অবসান। বার্ধক্যজনিত অসুস্থতা ও দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। প্রতিবেশী দেশের এই বর্ষীয়ান নেত্রীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন খালেদা জিয়া। দুই দফায় দেশের শাসনভার সামলেছেন তিনি। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত হতেই সামাজিক মাধ্যমে একটি শোকবার্তা দেন মোদী। প্রধানমন্ত্রী লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের খবরে আমি অত্যন্ত শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা রইল। ঈশ্বর এই কঠিন সময়ে তাঁদের শক্তি দিন।” শোকবার্তার পাশাপাশি ২০১৫ সালের ঢাকা সফরের একটি স্মৃতিও রোমন্থন করেন ভারতের প্রধানমন্ত্রী। সে সময় ঢাকার একটি বৈঠকে খালেদার সঙ্গে তাঁর একান্ত সাক্ষাৎ হয়েছিল। সেই মুহূর্তের ছবি শেয়ার করে মোদি জানান, বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও যোগ করেন, “আমি আশা করি, খালেদা জিয়ার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিকে পাথেয় করেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে।”
Deeply saddened to learn about the passing away of former Prime Minister and BNP Chairperson Begum Khaleda Zia in Dhaka.
Our sincerest condolences to her family and all the people of Bangladesh. May the Almighty grant her family the fortitude to bear this tragic loss.
As the… pic.twitter.com/BLg6K52vak
— Narendra Modi (@narendramodi) December 30, 2025
উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। চলতি মাসের শুরুতেই তাঁর স্বাস্থ্যের অবনতি হলে উদ্বেগ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদী এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে সদিচ্ছা দেখাচ্ছিল, সেই আবহে মোদীর এই আন্তরিক শোকবার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নয়াদিল্লিও যে প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারা বজায় রাখতে আগ্রহী, মোদীর বার্তায় তারই প্রতিফলন দেখছেন বিশেষজ্ঞরা।






