দেশ

শীত বাড়তেই দেশে ফের বার্ড ফ্লু-র থাবা, কেরল-তামিলনাড়ুতে জারি কড়া সতর্কতা

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কেরল ও তামিলনাড়ুর সংশ্লিষ্ট জেলাগুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।

Truth Of Bengal: শীত বাড়ার সঙ্গে সঙ্গেই দেশে ফের মাথাচাড়া দিয়ে উঠছে বার্ড ফ্লু। একই সময়ে তামিলনাড়ু ও কেরলের একাধিক জেলায় এই রোগের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দুই রাজ্যেই পোলট্রি চাষিদের সতর্ক করেছে প্রশাসন।

সূত্রের খবর, কেরলের আলাপ্পুজা ও কোট্টায়াম জেলায় গত কয়েক দিনে বহু মুরগির শরীরে H5N1 আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে তামিলনাড়ুর কয়েকটি জেলাতেও। বিশেষ করে নামাক্কাল জেলায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, নামাক্কাল জেলা দেশের ডিম উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। শুধু এই জেলাতেই রয়েছে প্রায় ১,৫০০টি পোলট্রি ফার্ম। প্রতিদিন এখান থেকে কয়েক লক্ষ ডিম উৎপাদন হয়। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়লে বড়সড় ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কেরল ও তামিলনাড়ুর সংশ্লিষ্ট জেলাগুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। পোলট্রি ফার্মগুলিতে নিয়মিত মুরগির স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের অন্যান্য এলাকার চাষিদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বার্ড ফ্লুর সবচেয়ে বড় সমস্যা হল এর দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা। সাধারণত হাঁস-মুরগি এই রোগে আক্রান্ত হলেও গবাদি পশু, পরিযায়ী পাখি এবং বন্য পাখির মধ্যেও সংক্রমণের নজির রয়েছে। এমনকি মানুষের শরীরেও H5N1 ভাইরাস সংক্রমিত হতে পারে। মানুষের ক্ষেত্রে সাধারণত জ্বর, চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়, যদিও কিছু ক্ষেত্রে শুরু থেকেই অসুস্থতা গুরুতর আকার নিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শুধু পাখি নয়—গবাদি পশু থেকেও এই সংক্রমণ ছড়াতে পারে। তাই যাঁরা পাখি বা গবাদি পশুপালনের সঙ্গে যুক্ত, তাঁদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। পশুপাখির মলমূত্র পরিষ্কার করার সময় বাড়তি সাবধানতা নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

প্রতিবছর শীতকালে বার্ড ফ্লুর প্রকোপ দেখা যায়। তবে এ বছর এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে এবং সংক্রমণ কয়েকটি জেলাতেই সীমাবদ্ধ। তবুও প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ। দ্রুত অন্য এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই নজরদারি ও সতর্কতা আরও বাড়ানো হয়েছে।

Related Articles