সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন রামদেব! রায় না মানলে জরিমানা! ‘পতঞ্জলি’র পণ্যে হবে জরিমানা!
Ramdev in the Supreme Court

The Truth of Bengal: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রামদেব। তাঁর আয়ুর্বেদিক পণ্য সংস্থা ‘পতঞ্জলি’-কে কড়া সতর্কবার্তা দিল শীর্ষ আদালত। “পতঞ্জলি আয়ুর্বেদের সমস্ত মিথ্যা ও বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন এই মুহূর্তে বন্ধ করা হোক। যদি এই নির্দেশের অমান্য হয়, তবে আদালত কড়া পদক্ষেপ করবে।”গুনতে হবে মোটা টাকার জরিমানা। এদিন বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের তরফে পতঞ্জলি সংস্থাকে কড়া ধমক দিয়ে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আসলে আয়ুর্বেদ নিয়ে গবেষণা করে পণ্য তৈরির নামে পতঞ্জলি বিজ্ঞাপনে বিভিন্ন রোগ নিরাময়ের যে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে, তা নিয়ে সতর্ক করা হয়। যদি অবিলম্বে এমন ভুয়ো বিজ্ঞাপন বন্ধ না করা হয়, তবে পতঞ্জলির প্রতিটি পণ্যের উপরে ১ কোটি টাকা করে জরিমানা করা হবে বলেও জানানো হয় শীর্ষ আদালতের তরফে। উল্লেখ্য, রামদেব ও তাঁর সংস্থাকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ করা হয়েছিল, টিকাকরণ ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও ওষুধের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন রামদেব।
সেই অভিযোগের ভিত্তিতে, ২০২২ সালের ২৩ অগস্ট শীর্ষ আদালতের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, আয়ুষ মন্ত্রক ও পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে নোটিস পাঠায়। এরপর এই মামলায় মঙ্গলবার শীর্ষ আদালত রামদেবকে হুঁশিয়ারি দিয়ে কড়়া পদক্ষেপের কথা বলা হয়। তবে এখন দেখার সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর রামদেব কি করে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ২০২৪ সালের ৫ই ফেব্রুয়ারি।






