দেশ

India Bullet Train: ২০২৭ সালেই ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন! বড় আপডেট রেলমন্ত্রীর

দীর্ঘ বিলম্বের পর এই প্রকল্পকে পুনরায় সচল করতে বর্তমানে কোমর বেঁধে নেমেছে নরেন্দ্র মোদি সরকার।

Truth of Bengal: ভারতের দীর্ঘ প্রতীক্ষিত বুলেট ট্রেন প্রকল্প নিয়ে নতুন আশার কথা শোনালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার তিনি ইঙ্গিত দিয়েছেন যে, সবকিছু পরিকল্পনা মাফিক চললে ২০২৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসেই দেশের মাটিতে প্রথমবার ছুটবে হাই-স্পিড এই ট্রেন। দীর্ঘ বিলম্বের পর এই প্রকল্পকে পুনরায় সচল করতে বর্তমানে কোমর বেঁধে নেমেছে নরেন্দ্র মোদি সরকার। এমনকি রেলমন্ত্রী সাধারণ মানুষকে ২০২৭ সালের আগস্টের আগেই ট্রেনের টিকিট কাটার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।

মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৭ সালের সেপ্টেম্বরে। প্রাথমিক লক্ষ্য ছিল ২০২৩ সালের মধ্যে কাজ শেষ করা। কিন্তু জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং মাঝে দুই বছর করোনা অতিমারির কারণে কাজ থমকে যাওয়ায় দফায় দফায় সময়সীমা পিছিয়েছে। এই বিলম্বের কারণে প্রকল্পের খরচও অনেকটা বেড়ে গেছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, ভারতের এই প্রথম বুলেট ট্রেন প্রকল্পের মোট ব্যয় ১.৬ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

রেলমন্ত্রী ২০২৭ সালের কথা বললেও নির্দিষ্ট কোনো দিনক্ষণ নিয়ে এখনই চূড়ান্ত প্রতিশ্রুতি দিতে নারাজ বিশেষজ্ঞরা। সম্ভবত সেই কারণেই মন্ত্রী সরাসরি দিন ঘোষণা না করে কেবল ইঙ্গিত দিয়েছেন। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পের কাজ এখন দ্রুতগতিতে এগোচ্ছে। ইতিমধ্যেই ৩০০ কিলোমিটার ভায়াডাক্টের কাজ সম্পন্ন হয়েছে। এই দীর্ঘ পথে ১৪টি নদীর ওপর তৈরি হয়েছে কংক্রিটের সেতু এবং ৭টি স্টিল ব্রিজ। পাশাপাশি প্রায় ২.৭ কিলোমিটার এলাকা জুড়ে স্টেশন বিল্ডিংয়ের পরিকাঠামো তৈরির কাজও অনেকটা এগিয়েছে।

জাপানি শিনকানসেন প্রযুক্তিতে চলা এই বুলেট ট্রেনটি যাত্রাপথে মোট ১২টি স্টেশনে থামবে। এর মধ্যে গুজরাটে থাকবে ৯টি এবং মহারাষ্ট্রে ৩টি স্টেশন। বিশেষ আকর্ষণ হিসেবে মুম্বইয়ের স্টেশনটি তৈরি করা হচ্ছে মাটির তলায়, যদিও বাকি স্টেশনগুলি উপরেই থাকবে। যাত্রীদের সুরক্ষা ও দ্রুত গতির কথা মাথায় রেখে এতে ব্যবহার করা হচ্ছে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৭ সালের স্বাধীনতা দিবসে এই স্বপ্নের ট্রেন ট্র্যাকে নামে কি না, এখন সেদিকেই তাকিয়ে দেশবাসী।

Related Articles