জনরোষের কারণে নতিস্বীকার? তিন ধরনের পণ্যে শুল্কবৃদ্ধি স্থগিতের নির্দেশ ট্রাম্পের
নতুন নির্দেশনায় বলা হয়েছে, কাঠের আসবাব, গৃহসজ্জার সামগ্রী এবং রান্নাঘরের পণ্যের উপর শুল্কবৃদ্ধি এক বছরের জন্য স্থগিত থাকবে।
Truth Of Bengal: অতিরিক্ত শুল্কের কারণে আমেরিকার বাজারে রপ্তানিকৃত নানা পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে তিন ধরনের পণ্যের ওপর শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর না করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কাঠের আসবাব, গৃহসজ্জার সামগ্রী এবং রান্নাঘরের পণ্যের উপর শুল্কবৃদ্ধি এক বছরের জন্য স্থগিত থাকবে। ফলে এই তিন ধরনের পণ্যের আমদানি থেকে আপাতত অতিরিক্ত শুল্ক আর প্রযোজ্য হবে না এবং বাজারে তাদের দাম তুলনামূলকভাবে কম থাকবে।
গত সেপ্টেম্বরে ট্রাম্প জানিয়েছিলেন, গৃহসজ্জার জন্য প্রয়োজনীয় কিছু কাঠের সামগ্রীর ক্ষেত্রে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ বাড়ানো হবে। রান্নাঘরের সামগ্রীর ক্ষেত্রেও একই হারে শুল্ক বৃদ্ধি হওয়ার কথা ছিল। মূলত ১ জানুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার হোয়াইট হাউসের একটি নির্দেশনামায় এই সিদ্ধান্ত ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা করা হয়।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে গঠনমূলক আলোচনার কারণে এই স্থগিতাদেশ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশীয় নিরাপত্তার বিষয়ক কারণে কাঠ আমদানির উপর এখনই নতুন বিধিনিষেধ চাপাতে চায় না হোয়াইট হাউস।






