বিহারে পুলিশের বড় সাফল্য: এনকাউন্টারে খতম মাওবাদী নেতা দয়ানন্দ মালাকার
চিরুনি তল্লাশি চলাকালীন দয়ানন্দ এবং তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
Truth Of Bengal: বিহারে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর এনকাউন্টারে মৃত্যু হয়েছে মাওবাদী নেতা দয়ানন্দ মালাকারের। পুলিশের মতে, তার মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। এঘটনায় দয়ানন্দের দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দয়ানন্দ উত্তর বিহারের কেন্দ্রীয় জোনাল কমিটির সেক্রেটারি ছিলেন এবং তার বিরুদ্ধে ১৬টিরও বেশি ফৌজদারি মামলা চলছিল। বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর আসে যে, দয়ানন্দ এবং তার সহযোগীরা বেগুসরাইয়ে লুকিয়ে আছে। খবর পাওয়ার পর বেগুসরাই পুলিশ এবং স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথ অভিযান চালায়।
চিরুনি তল্লাশি চলাকালীন দয়ানন্দ এবং তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পালটা জবাব দেয় পুলিশ। দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। পুলিশ গুলিতে গুরুতর আহত হন দয়ানন্দ। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, দয়ানন্দের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ইনসাস রাইফেল, একটি দেশি বন্দুক এবং ২৫টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। আশার কথা, অভিযানে কোনো পুলিশকর্মী আহত হননি।
অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (অপারেশনস) কুন্দন কৃষ্ণান বলেন, “বেগুসরাইয়ের তেঘরা থানার অন্তর্গত নোনপুর গ্রামে এনকাউন্টারটি ঘটেছে। দয়ানন্দের বিরুদ্ধে খুন, বিস্ফোরক এবং অস্ত্র আইনের অধীনে ১৬টিরও বেশি মামলা চলছিল।”






