রাজ্যের খবর

শিলিগুড়িতে ট্রাক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

অপর আরোহী গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে এগিয়ে এসে পুলিশে খবর দেন।

Truth Of Bengal: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে। শুক্রবার রাতে আশিঘর মোড় সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে স্কুটির সংঘর্ষে মৃত্যু হল দু’জনের, গুরুতর আহত আরও একজন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি স্কুটিতে তিনজন আরোহী ছিলেন। তাঁরা আমবাড়ির দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি ট্রাক আচমকাই স্কুটিটিকে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

অপর আরোহী গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে এগিয়ে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাঁর চিকিৎসা চলছে।

এই দুর্ঘটনার পরেই ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ট্রাকটির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে আশিঘর ফাঁড়ির পুলিশ। এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় পর্যাপ্ত পুলিশি নজরদারি নেই এবং রাস্তার একাধিক স্ট্রিট লাইট দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় রয়েছে। অবিলম্বে সেগুলি ঠিক না করা হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

Related Articles