‘কুরুচিকর’ মন্তব্যের জেরে বিজেপির বিধায়কের বিরুদ্ধে দায়ের অভিযোগ
অভিযোগকারীদের দাবি, বিধায়কের এই ধরনের মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এবং এলাকায় অশান্তিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
Truth Of Bengal: মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান: বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে নাদনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। নদিয়ার হরিণঘাটা বিধানসভার বিধায়ক অসীম সরকারের সাম্প্রতিক এক বক্তব্যকে ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরান সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন বিধায়ক।এই ঘটনার পর নাদনঘাট থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া পঞ্চায়েত এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা থানায় গিয়ে অভিযোগ জানান। ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকেও অসীম সরকারের বিরুদ্ধে পৃথকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, বিধায়কের এই ধরনের মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এবং এলাকায় অশান্তিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের কাছে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অবিলম্বে ওই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকারও দাবি তুলেছেন তাঁরা।
এদিন অভিযোগকারীরা আরও জানান, প্রয়োজনে বিভিন্ন থানায় অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। নাদনঘাট থানার পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারীরা।ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।






