রাজ্যের খবর

বাংলাদেশের অশান্তির আবহে মুর্শিদাবাদ সীমান্তে বিএসএফের কড়া নজরদারি

এই অশান্ত পরিস্থিতির প্রভাব যাতে কোনওভাবেই ভারতীয় সীমান্তে এসে না পড়ে, সেই কারণে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

Truth Of Bengal: বাংলাদেশে সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে এ বার কড়া নজরদারি শুরু হল মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতে। শনিবার সকাল থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে, বাইক ও গাড়িতে করে টহলদারি চালায় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর প্রতিবেশী দেশে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশে চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর। সংখ্যালঘুদের উপর হামলার পাশাপাশি আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যমও। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকা, চট্টগ্রাম-সহ একাধিক শহরে শোক মিছিল বের হয়। শাহবাগ-সহ বিভিন্ন এলাকায় অবস্থান বিক্ষোভ চলে। বিক্ষোভকারীরা সংবাদপত্রের দফতরে হামলা চালায়, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ঢাকার সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে খবর।

এই অশান্ত পরিস্থিতির প্রভাব যাতে কোনওভাবেই ভারতীয় সীমান্তে এসে না পড়ে, সেই কারণে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্তে প্রহরা আরও জোরদার করা হয়েছে। কনকনে ঠান্ডার মধ্যেও যৌথভাবে টহলদারি চালাচ্ছেন বিএসএফ ও রাজ্য পুলিশের আধিকারিকরা।জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিকুমার সাউ জানান, রঘুনাথগঞ্জ থানার অধীনে জঙ্গিপুর বিওপি রয়েছে।

পাতলাটোলা, গিরিয়া, সেকেন্দ্রা-সহ একাধিক সীমান্ত এলাকায় মোটরবাইক করে পেট্রোলিং করা হয়েছে। কোথায় কোথায় সিসিটিভি বসানো হবে, তাও খতিয়ে দেখা হয়েছে। সীমান্ত এলাকায় যাতে কোনও রকম হিংসার আঁচ এসে না পড়ে, তার জন্য আগাম নজরদারি চালানো হচ্ছে।তিনি আরও বলেন, হিংসার আবহে ওপার বাংলা থেকে কেউ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এ পারে ঢুকে পড়তে না পারে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। বিএসএফের পাশাপাশি পদস্থ পুলিশ আধিকারিকরাও নিয়মিত টহলদারি চালাচ্ছেন।বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখে আপাতত মুর্শিদাবাদ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে প্রশাসন।

Related Articles