চিঠির পর চিঠি, তবুও নীরব দফতর! পুরভোট নিয়ে চাপে নির্বাচন কমিশন
কত সংখ্যক পুলিশকর্মী ও ভোটকর্মী পাওয়া যাবে, নির্বাচন পরিচালনার প্রশাসনিক প্রস্তুতি কোন পথে এগোবে, তা নিয়ে এখনও স্পষ্ট ধারণা নেই রাজ্য নির্বাচন কমিশনের।
Truth of Bengal: একাধিকবার চিঠি পাঠিয়েও মিলছে না সদুত্তর। পুর ও নগরোন্নয়ন দফতরের নীরবতায় কলকাতা ও হাওড়ার পুরভোটের প্রস্তুতি নিয়ে ক্রমশ বাড়ছে ধোঁয়াশা। কত সংখ্যক পুলিশকর্মী ও ভোটকর্মী পাওয়া যাবে, নির্বাচন পরিচালনার প্রশাসনিক প্রস্তুতি কোন পথে এগোবে, তা নিয়ে এখনও স্পষ্ট ধারণা নেই রাজ্য নির্বাচন কমিশনের।
কমিশন সূত্রে খবর, পুরভোটের আয়োজন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চেয়ে পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এখনও মেলেনি প্রয়োজনীয় উত্তর। ফলে ভোটের প্রস্তুতি নিয়ে একাধিক সিদ্ধান্ত আটকে রয়েছে। অন্যদিকে, পুরভোটের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এরই মধ্যে মুখ্যমন্ত্রীর প্রতিটি ওয়ার্ডে একজন করে কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণাকে ঘিরেও তৈরি হয়েছে নতুন প্রশ্ন। তাঁদের দায়িত্ব কী হবে, কীভাবে নিয়োগ করা হবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় তাঁদের ভূমিকা কী থাকবে, তা নিয়ে এখনও স্পষ্টতা নেই কমিশনের কাছে। আগের পুরভোটের নথিপত্রও খতিয়ে দেখছেন আধিকারিকরা। কমিশনের এক শীর্ষকর্তার আশ্বাস, আদালতের স্পষ্ট নির্দেশ এলেই প্রশাসনিক সমন্বয় বাড়ানো হবে। তবে সব মিলিয়ে কলকাতা ও হাওড়ার পুরভোটের প্রস্তুতি ঘিরে অনিশ্চয়তা কাটছে না।





