ভাইয়ের হত্যার বদলা, ধারালো অস্ত্র দিয়ে নৈশপ্রহরীকে কুপিয়ে খুন দাদার
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে জোড়পুকুরিয়া গ্রামে এক গ্রাম্য বিবাদের জেরে পান্না শেখের ভাই তৌফিক শেখকে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে হত্যা করা হয়েছিল।
Truth Of Bengal: ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে গ্রামে ফিরে এসে দাদার হাতে নৃশংস হত্যার ঘটনা ঘটল। রবিবার রাতের অন্ধকারে ফরাক্কা থানার এনটিপিসি কেন্দুয়া অ্যাশপন্ডে ৪৮ বছর বয়সী নৈশপ্রহরী আলম শেখকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে নবাগত পান্না শেখের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে জোড়পুকুরিয়া গ্রামে এক গ্রাম্য বিবাদের জেরে পান্না শেখের ভাই তৌফিক শেখকে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় আলম শেখসহ কয়েকজনের বিরুদ্ধে ফরাক্কা থানায় মামলা হয়েছিল এবং তারা কিছুদিন হাজতে থাকার পর জামিনে মুক্তি পায়।
ভাইয়ের হত্যার পর পান্না শেখ নিরাপত্তাহীনতার কারণে গ্রাম ছাড়েন। মাস দু’য়েক আগে তিনি দীর্ঘদিন পর জোড়পুকুরিয়া গ্রামে ফিরে এসে বসবাস শুরু করেন। রবিবার রাতে আলম শেখ নৈশপ্রহরীর কাজে যাচ্ছিলেন। অভিযোগ, পান্না শেখসহ কয়েকজন তার উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর তারা ঘটনাস্থল ত্যাগ করে।
মৃত্যুর খবর পেয়ে ফরাক্কা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতের দাদা নবী শেখ, যিনি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা, জানিয়েছেন, “পান্না গ্রামে ফিরে আসার পর থেকেই আমরা কিছুটা আশঙ্কা করছিলাম। কিন্তু ভাবতে পারিনি যে সে এত নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করবে।”
ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং নতুন কোনও অপ্রত্যাশিত ঘটনারোধে মোতায়েন করা হয়েছে। তদন্তকারী দল খতিয়ে দেখছে, ঘটনার মূল কারণ ও সঙ্গে কারা জড়িত তা নির্ধারণের চেষ্টা চলছে।






