ফের ফরাক্কা থেকে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা
সন্দেহ হওয়ায় পুলিশ ধাওয়া করলে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
Truth Of Bengal: ফের ফারাক্কা থেকে উদ্ধার বোমা।ফরাক্কা থানার অন্তর্গত শিবনগর এলাকায় একটি আম ও লিচু বাগান থেকে ব্যাগভর্তি প্রায় ১৫টি তাজা সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে শিবনগর এলাকায় টহলদারি চালাচ্ছিল ফরাক্কা থানার পুলিশ।
সেই সময় পুলিশের গাড়ি দেখে এক ব্যক্তি দৌড়ে পালাতে শুরু করে। সন্দেহ হওয়ায় পুলিশ ধাওয়া করলে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে রাস্তার ধারে একটি আম ও লিচু বাগান থেকে উদ্ধার হয় বোমাভর্তি ব্যাগটি।
ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে পুলিশ। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। কী কারণে এবং কার উদ্দেশ্যে বোমাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।নির্বাচনের আগে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে তদন্ত জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।






