রাজ্যের খবর

Nanoor: নানুরে আড্ডার মাঝেই খুন তৃণমূল বুথ সভাপতি, আহত আরও পাঁচ

ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Truth of Bengal: রাজ্যে ফের প্রকাশ্যে এল রাজনৈতিক হিংসার ঘটনা। শুক্রবার গভীর রাতে বীরভূমের নানুর এলাকা রক্তাক্ত হলো বুথ সভাপতি খুনের ঘটনায়। ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন, যাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

মৃত তৃণমূল নেতার নাম রাসবিহারী সর্দার ওরফে দোদন (৫০)। তিনি নানুরের থুপসড়া অঞ্চলের তৃণমূল বুথ সভাপতি ছিলেন। জানা গিয়েছে, শুক্রবার রাতে নানুর থুপসড়া অঞ্চলের পাতিছাড়া গ্রামে একটি নাটমন্দিরে গ্রামবাসীরা আড্ডা দিচ্ছিলেন। অভিযোগ, সেই আড্ডার মাঝেই হঠাৎ দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা চলাকালীনই একদল দুষ্কৃতী লোহার রড, শাবল ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুষ্কৃতীরা রাসবিহারীবাবুকে মাটিতে ফেলে একের পর এক আঘাত করতে থাকে। তাঁকে বাঁচাতে গেলে আরও পাঁচজন গুরুতর জখম হন। স্থানীয়রা তৃণমূল নেতাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আহত পাঁচজন বর্তমানে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর পরই দুষ্কৃতীর দল দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। মৃত রাসবিহারী সর্দারের ছেলে মানব সর্দার বলেন, “পার্টি অফিস থেকে বেরিয়ে বাবা নাটমন্দিরের কাছে এসেছিলেন। সেই সময় কয়েকজন শাবল, লোহার রড দিয়ে তাঁকে কোপাতে থাকে। বাবা ঘটনাস্থলেই মারা যান। আমাদের আরও পাঁচজন আহত হয়েছেন। আমরা থানায় এফআইআর দায়ের করেছি এবং বাবার হত্যাকারীদের কঠোর শাস্তি চাই।”

খবর পেয়ে নানুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদের জেরেই এই হামলা ঘটে থাকতে পারে। তবে আড্ডার মাঝে সৃষ্টি হওয়া বচসার জেরেই হামলা, নাকি এটি পূর্ব পরিকল্পিত— তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই তৃণমূল নেতার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। শনিবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোট হাসপাতালে রাসবিহারী সর্দারের দেহের ময়নাতদন্ত হবে। অশান্তি এড়াতে গ্রামজুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে।

Related Articles