CEO দফতরের সামনে বিক্ষোভ, বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান, দেখুন ভিডিয়ো
শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষরা দফতরের ভিতরে প্রবেশ করলেও বাইরে বিক্ষোভ চলতে থাকে।
Truth Of Bengal: সোমবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে একাধিকবার উত্তেজনা তৈরি হয়। সকালে বিজেপির প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক এবং এসআইআর সংক্রান্ত কাজে দিল্লি থেকে নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের সঙ্গে দেখা করতে আসে। সেই সময় দফতরের বাইরে অবস্থানকারী ‘বিএলও অধিকার রক্ষা’ কমিটির সদস্যরা তাঁদের দেখে স্লোগান দিতে শুরু করেন। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে ‘গো ব্যাক’ স্লোগান শোনা যায়।
CEO দফতরের সামনে বিক্ষোভ, বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান, দেখুন ভিডিয়ো pic.twitter.com/5o3yENrReJ
— TOB DIGITAL (@DigitalTob) December 1, 2025
বিএলও-রা দফতরের সামনের ব্যারিকেডে ধাক্কাধাক্কি শুরু করেন। তাঁদের দাবি ছিল, সিইও-র সঙ্গে তাঁদেরও দেখা করার অনুমতি দিতে হবে। পুলিশ তাঁদের আটকায় এবং জানায়, বিজেপির প্রতিনিধি দল আগেই সময় নির্ধারণ করে রেখেছে, তাই একই সময়ে দুই পক্ষকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া সম্ভব নয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষরা দফতরের ভিতরে প্রবেশ করলেও বাইরে বিক্ষোভ চলতে থাকে। কিছুক্ষণ ধরে স্লোগান ও পাল্টা স্লোগানের ছবি দেখা যায়।
এই অশান্ত পরিবেশের মধ্য দিয়ে শুরু হয় তাদের বৈঠক। তবে দফতরের বাইরে উত্তেজনা বাড়তে থাকে। এই পরিস্থিতি মাঝে সিইও দফতরের সামনে আরও বিজেপি নেতা-কর্মীর আগমন দেখা যায়।






