২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত ইরানের
কেননা তাদের কয়েকজন প্রতিনিধির ভিসা মঞ্জুর করা হয়নি বলেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।
Truth Of Bengal: ২০২৬ সালে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে হবে বিশ্বকাপ ফুটবলের মহারণ। সেই উপলক্ষ্যে আগামী সপ্তাহে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। আর সেই অনুষ্ঠান বর্জন করছে ইরান। সূত্রের খবর, কারণ হিসেবে এশিয়ার দেশটি যুক্তি দিয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবে না ইরানের কোনও প্রতিনিধি। কেননা তাদের কয়েকজন প্রতিনিধির ভিসা মঞ্জুর করা হয়নি বলেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।
এই প্রসঙ্গে ইরান ফুটবল সংস্থার পক্ষ এক প্রতিনিধি জানান, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের আমাদের প্রতিনিধিদের ভিসা না দেওয়ার সঙ্গে খেলাধুলোর কোনও সম্পর্ক নেই। তাদের এমন সিদ্ধান্তের ফলে ইরানের আগামী বিশ্বকাপে অংশগ্রহণ না করার সম্ভাবনা আরও বাড়ল।’
ইরানের বহুল প্রচলিত সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার ইরানের ফুটবল ফেডারেশনের চারজনের ভিসা মঞ্জুর করেছে। এরা হলেন, ইরান জাতীয় দলের প্রধান কোচ আমির ঘালেনোয়ি, নির্বাহী পরিচালক মেহদি খারাতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ওমিদ জামালি এবং মুখপাত্র আমি মেহদি আলাভি। তবে ফেডারেশন সভাপতি মেহদি তাজ, সহ–সভাপতি মেহদি নবী ও মেহদি মালেক-আবাদের ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে যুক্তরাষ্ট্র সরকারের এমন ঘটনার তীব্র নিন্দা করেছে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। তিনি বলেন, ‘আমরা গোটা ঘটনাটি ফিফার বর্তমান প্রেসিডেন্ট ইয়ান্নি ইনফান্তিনোকে জানিয়েছি। আশাকরি ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে পুরো বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে কথা বলবে।’
প্রসঙ্গত, মেহদি তাজ শুধু ইরান ফুটবল সংস্থার সর্বোচ্চ পদেই নন, তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহ-সভাপতির পাশাপাশি ফিফার প্যানেল সদস্যও বটে। কাজেই যুক্তরাষ্ট্রীয় সরকার তাঁর ভিসা মঞ্জুর না করায় যে জল বহুদূর গড়াতে পারে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।






