আন্তর্জাতিক

ইজরায়েল–প্যালেস্তাইন সংঘাতে সত্য উদঘাটনের দায়িত্বে ভারতীয় আইনজীবী

রাষ্ট্রসংঘের এই স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান কমিশন ইজরায়েল ও ‘অধিকৃত প্যালেস্তিনীয় অঞ্চল’-এ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে।

Truth Of Bengal: ইজরায়েল–গাজার চলমান সংঘর্ষে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। রাষ্ট্রসংঘ জানিয়েছে, এই অভিযোগগুলি তদন্ত করতে তিন জন মানবাধিকার পর্যবেক্ষককে মনোনীত করা হয়েছে। এই কমিটির অন্যতম সদস্য একজন ভারতীয়—প্রাক্তন ওড়িশা হাই কোর্টের প্রধান বিচারপতি এস. মুরলীধর। সাহসী ও যুগান্তকারী একাধিক রায়ের জন্য তিনি সুপরিচিত।

রাষ্ট্রসংঘের এই স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান কমিশন ইজরায়েল ও ‘অধিকৃত প্যালেস্তিনীয় অঞ্চল’-এ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে। বিচারপতি মুরলীধরের নেতৃত্বে গঠিত এই কমিটি বাস্তব পরিস্থিতি তদন্ত করে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করবে। আন্তর্জাতিক অঙ্গনে যার গুরুত্ব অপরিসীম। একজন ভারতীয় বিচারপতির এই উচ্চপদে নিযুক্ত হওয়া দেশটির জন্য গৌরবের বিষয়।

২০২৩ সালে অবসরপ্রাপ্ত বিচারপতি মুরলীধরের বর্তমান বয়স ৬৪ বছর। এর আগে এই কমিশনের নেতৃত্বে ছিলেন ব্রাজিলের আইনজ্ঞ পাওলো সার্জিও পিনহেইরো। ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণের উদ্দেশ্যে রাষ্ট্রসংঘ এই কমিশন গঠন করে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের অতর্কিত হামলায় ইজরায়েলের তেল আভিভে বহু মানুষ পণবন্দি হয়, এরপর থেকে দুই পক্ষের মধ্যে টানা দুই বছর ধরে গাজাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ চলে। অবশেষে মার্কিন হস্তক্ষেপে আপাতত ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর আছে।