পুরুলিয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, ১০ বছরের সশ্রম কারাদণ্ড শ্বশুরের
Truth Of Bengal: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃতার শ্বশুরকে দোষী সাব্যস্ত করে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন পুরুলিয়া জেলা আদালতের সেকেন্ড কোর্টের বিচারক সুজয় সরকার। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।ঘটনাটি ২০১৭ সালের মে মাসের। আড়সা থানার পাত্রি এলাকার বাসিন্দা ওই গৃহবধূর বিয়ে হয়েছিল জয়পুর থানা এলাকায়। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন অতিরিক্ত পণের দাবিতে তাঁকে চাপে রাখত। ১৩ নভেম্বর অস্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যু হয় ওই গৃহবধূর।
মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শ্বাসরোধ করে খুন করেছে শ্বশুর ধনঞ্জয় কুমার, শাশুড়ি জিতনি কুমার এবং স্বামী মালকু কুমার। অভিযোগের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ তিনজনকেই গ্রেফতার করে। তবে মালকু কুমার নাবালক হওয়ায় তাকে জুভেনাইল কোর্টে তোলা হয় এবং পরে সে খালাস পায়।এই মামলার ট্রায়াল চলাকালীন শাশুড়ি জিতনি কুমারের মৃত্যু হওয়ায় মামলা থেকে তিনি বাদ পড়েন।
শেষ পর্যন্ত শ্বশুর ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। বিচারক সুজয় সরকার তাঁকে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করেন।গৃহবধূর মৃত্যুকাণ্ডে এ রায় গুরুত্বপূর্ণ নজির রেখে গেল বলে মনে করছে স্থানীয় মহল।






