খেলা

কবাডি বিশ্বকাপে ট্রফি নিয়ে ফিরল ভারতের প্রমীলা বাহিনী

এই নিয়ে টানা দু’বার বিশ্ব জয়ের স্বাদ পেলেন ভারতীয় মহিলা দলের খেলোয়াড়রা।

Truth Of Bengal: মাত্র একদিন আগে কলম্বোর মাটিতে নেপালকে হারিয়ে ভারতীয় মহিলা দৃষ্টিহীন ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল। তার আগে ঘরের মাঠে একদিনের বিশ্বকাপের খেতাব জিতেছিল হরমনপ্রীত কৌরের বাহিনী। এবার কবাডি বিশ্বকাপ ট্রফিও নিজেদের ঘরে তুলে নিল ভারতীয় মহিলা দল।

বাংলাদেশে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারতীয় মহিলা দল তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপেকে ৩৫-২৮ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে এই খেতাব জয় করে। এই নিয়ে টানা দু’বার বিশ্ব জয়ের স্বাদ পেলেন ভারতীয় মহিলা দলের খেলোয়াড়রা।

প্রসঙ্গত, এবারের এই পুরো টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় খেলোয়াড়রা। গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতেই তাঁরা যোগ্যতা অর্জন করেছিলেন নক-আউট পর্যায়ে। সেখানেও জয়ের ধারা অব্যাহত রেখে শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছয় ভারত। এবং ফাইনাল ম্যাচেও তাঁদের সেই জয়ের ধারা বজায় রেখে ফের বিশ্ব কবাডির মঞ্চে তেরঙ্গা পতাকা উড্ডীন করেন ভারতীয় খেলোয়াড়রা।

উল্লেখ্য, এবারের কবাডি বিশ্বকাপে মোট ১১টি দেশ অংশগ্রহণ করেছিল। তার মধ্যে থেকে ভারতের পারফরম্যান্স ছিল সত্যিই নজরকাড়া। ভারতীয় দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই দারুণ খুশি দেশের প্রাক্তন কবাডি খেলোয়াড়রা। একই সঙ্গে দেশের মহিলা দলের এমন সাফল্যে দলের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর-ও।

Related Articles