Duarey Swasthya Seva: ঘরের দুয়ারে এবার বিশেষজ্ঞ ডাক্তার! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’ শুরু দক্ষিণ দিনাজপুরে
শুক্রবার কুশমন্ডি ব্লকে আনুষ্ঠানিকভাবে শুরু হল দুয়ারে স্বাস্থ্য পরিষেবা।
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে আরও সহজলভ্য করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ—‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’। লক্ষ্য একটাই, ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রকে মানুষের বাড়ির সামনেই পৌঁছে দেওয়া। প্রতিটি ব্লকে একটি করে এই পরিষেবা চালুর পরিকল্পনা ইতিমধ্যেই বাস্তবায়নের পথে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি এবং কুমারগঞ্জ ব্লকেও শুরু হয়েছে এই প্রকল্পের প্রথম দফা।শুক্রবার কুশমন্ডি ব্লকে আনুষ্ঠানিকভাবে শুরু হল দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। করঞ্জি অঞ্চলের মাকল জুনিয়র হাই স্কুলে এদিন শিবির হলে চিকিৎসা নিতে ভিড় জমালেন স্থানীয় বাসিন্দারা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট প্রায় ২৭৭ জন মানুষ এদিন বিভিন্ন চিকিৎসা পরিষেবা নেন।পরিষেবার মান ও কার্যকারিতা খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ রেজা জাহির আব্বাস, কুশমন্ডি ব্লকের বিএমওএইচ অমিত দাস এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।রেজা জাহির আব্বাস বলেন, “মানুষকে বাড়ির দরজায় চিকিত্সা দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী এই পরিষেবা শুরু করেছেন। আজ করঞ্জির মাকল জুনিয়র হাই স্কুলে শিবির চলছে। কিছুক্ষণ আগেই বিএমওএইচ এসেছেন, বিডিও ম্যাডামও আসবেন। ডাক্তারবাবুরা বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন, নানা রকম পরীক্ষা হচ্ছে। এমনকি চক্ষু বিশেষজ্ঞও রয়েছেন।”তিনি আরও জানান, আগামী শুক্রবার করঞ্জি সিনিয়র মাদ্রাসায় আবারও একই পরিষেবা দেওয়া হবে। করঞ্জির বাসিন্দাদের উদ্দেশে তাঁর অনুরোধ—“এই পরিষেবা আপনাদের জন্য, তাই অবশ্যই এসে সুবিধা নিন।”






