নিপা যুদ্ধে স্বস্তির খবর: জ্ঞান ফিরল আক্রান্ত নার্সের, ভেন্টিলেশন থেকে মিলল মুক্তি
অন্য জনের ট্র্যাকিওস্টমি করা হলেও অবস্থার নতুন করে কোনো অবনতি হয়নি। তবে দুজনেই কড়া পর্যবেক্ষণে রয়েছেন।
Truth of Bengal: রাজ্যে নিপা ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগের মাঝে কিছুটা স্বস্তির খবর দিল স্বাস্থ্য দফতর। বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দুই আক্রান্ত নার্সের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তাঁদের মধ্যে একজনের জ্ঞান ফিরেছে এবং তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা সম্ভব হয়েছে। অন্য জনের ট্র্যাকিওস্টমি করা হলেও অবস্থার নতুন করে কোনো অবনতি হয়নি। তবে দুজনেই কড়া পর্যবেক্ষণে রয়েছেন।
আক্রান্তদের চিকিৎসার জন্য ভিনরাজ্য থেকে বিশেষ অ্যান্টিভাইরাল ওষুধ আনিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, রাজ্যে বর্তমানে নতুন করে কেউ নিপা ভাইরাসে আক্রান্ত হননি। এদিকে, আক্রান্ত দুই নার্স সম্প্রতি পূর্ব বর্ধমানের কাটোয়ায় গিয়েছিলেন। সেই ভ্রমণের সময় তাঁরা কাদের সংস্পর্শে এসেছিলেন, তা জানতে ‘কন্ট্যাক্ট টেস্টিং’-এর কাজ জোরকদমে চলছে। জেলা স্বাস্থ্য আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৪৮ জনের একটি তালিকা তৈরি করে তাঁদের স্বাস্থ্যের ওপর নজর রাখা হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় এবং জনমানসে আতঙ্ক দূর করতে নবান্ন বিশেষ তৎপরতা দেখিয়েছে। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোটা পরিস্থিতির তদারকি করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। স্বাস্থ্য ভবনের একটি বিশেষজ্ঞ দল পুরো বিষয়টি খতিয়ে দেখছে।






