মুশফিকুর রহিমের শততম টেস্টে শতরান: বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
স্টেডিয়ামজুড়ে সমর্থকদের দাঁড়িয়ে অভিবাদন জানানোর দৃশ্যটিও হয়ে ওঠে স্মরণীয়।
Truth Of Bengal: বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন ইতিহাস লিখলেন মুশফিকুর রহিম। ঢাকায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজের ১০০তম টেস্টে খেলতে নেমেই সেঞ্চুরি করে এক অনন্য কৃতিত্ব অর্জন করলেন অভিজ্ঞ এই ব্যাটার। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে মাত্র ১১তম ক্রিকেটার হিসাবে এবং বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে শততম টেস্টে শতরান করলেন তিনি।প্রথম দিনের খেলা শেষে অপরাজিত ৯৯ রানে থেকে যান মুশফিকুর। দ্বিতীয় দিনের সকালে জর্ডান নিলের চতুর্থ বলে এক রান নিয়ে সম্পূর্ণ করেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। স্টেডিয়ামজুড়ে সমর্থকদের দাঁড়িয়ে অভিবাদন জানানোর দৃশ্যটিও হয়ে ওঠে স্মরণীয়। তবে শতরানের পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ম্যাথু হামফ্রেসের বলে অ্যান্ডি বলবির্নির হাতে ক্যাচ দিয়ে ২১৪ বলে ১০৬ রান করে ফেরেন সাজঘরে। তাঁর ধৈর্যশীল ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি।
বিশ্ব ক্রিকেটে মুশফিকুরের আগে আরও ১০ জন ব্যাটার শততম টেস্টে শতরান করেছিলেন। তালিকায় রয়েছেন কলিন কাউড্রে, জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম-উল-হক, রিকি পন্টিং, গ্রেম স্মিথ, হাশিম আমলা, জো রুট এবং ডেভিড ওয়ার্নার। তাদের মধ্যে শুধুমাত্র রিকি পন্টিংই শততম টেস্টে দুটি ইনিংসেই শতরান করেছিলেন।মুশফিকুরকে ১০০তম টেস্টের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন শাকিব আল হাসান। মুশফিককে নিজের ‘অধিনায়ক’ উল্লেখ করে আবেগঘন বার্তা দেন তিনি।
২০০৫ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া মুশফিকুরের দীর্ঘ ক্যারিয়ারকে বিশেষভাবে তুলে ধরেন শাকিব।এদিন মুশফিকুরের পাশাপাশি লিটন দাসও সেঞ্চুরি (১০৬) করায় বড় রান গড়ার পথে এগোচ্ছে বাংলাদেশ। অভিজ্ঞতার সঙ্গে প্রতিভার মেলবন্ধনে টেস্টের প্রথম দিকেই শক্ত ভিত গড়ে তুলেছে স্বাগতিক দল।শততম টেস্টে মুশফিকুরের এই সেঞ্চুরি নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।






