আন্তর্জাতিক

পাকিস্তানের সেনা সর্বাধিনায়কের পদে আসিম মুনির, প্রতিবাদ ইমরান খানের দলের

সংবিধান সংক্রান্ত যাবতীয় মামলার ভার সুপ্রিম কোর্টের হাত থেকে সরিয়ে নতুন গঠিত সাংবিধানিক আদালতে স্থানান্তরিত করা হচ্ছে।

Truth Of Bengal: অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার পর এবার আরও এক ধাপ এগিয়ে তিনি পাকিস্তানের সেনাবাহিনীর সর্বাধিক ক্ষমতাশালী ব্যক্তি বা চিফ অফ ডিফেন্স ফোর্সেসে পরিণত হন। এই পদটি পাকিস্তানের সেনাবাহিনীতে আগে কখনও ছিল না। সংসদে পাশ হওয়া সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে মুনিরের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও ক্ষমতাও নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও, নতুন একটি বিলের মাধ্যমে পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাস করা হয়েছে। সংবিধান সংক্রান্ত যাবতীয় মামলার ভার সুপ্রিম কোর্টের হাত থেকে সরিয়ে নতুন গঠিত সাংবিধানিক আদালতে স্থানান্তরিত করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ দেশের গণতন্ত্রকে মারাত্মকভাবে দুর্বল করেছে।

পাকিস্তানের সাধারণ জনসাধারণ এই পরিবর্তনকে সেনা শাসনের দিকে দেশের ঝোঁক হিসেবে দেখছে। এ পরিস্থিতিতে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল এবং বিরোধী জোট দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদের ডাক দিয়েছে। জানা গিয়েছে, জোটের নেতৃত্বাধীন সংসদীয় দলের একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বর্তমান সরকার দেশ পরিচালনায় অক্ষম এবং পাকিস্তান গৃহযুদ্ধের মুখে। প্রাক্তন স্পিকার আসাদ কাইজার বলেছেন, “আমরা বিচারব্যবস্থাকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানাব।”

জোট আগামী শুক্রবারের বৈঠকের পর দেশজুড়ে যৌথ প্রতিবাদের আয়োজন করবে। এই সংবিধান সংশোধনী এবং নতুন পদসৃজন পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক স্থিতিতে এক গভীর প্রভাব ফেলেছে, যা দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে।

Related Articles