রাজ্যের খবর

জমিতে ছাগল চড়ানো নিয়ে সংঘর্ষ, প্রাণ হারান এক তৃণমূল কর্মী

দু'পক্ষই একে অপরের উপর চড়াও হয় লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে বলে অভিযোগ।

Truth Of Bengal: জমিতে ছাগল চড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো দুই গোষ্ঠী এবং এতে প্রাণ হারান শাসকদল তৃণমূল কংগ্রেসের এক কর্মী। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার লাভপুরে। জানা গিয়েছে, মৃত ঘাসফুল শিবিরের কর্মীর নাম আব্দুল রহমান মল্লিক। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৬৫ বছর। শুক্রবার রাতে তিনি মারা যান। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারের উপর।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে যে এর সূত্রপাত বুধবার সকালে। কুসুমগরিয়া গ্রামে পুলিশের সামনে বিবাদে জোড়ায় দুটি গোষ্ঠী। দু’পক্ষই একে অপরের উপর চড়াও হয় লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে বলে অভিযোগ। সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হন এবং সেই সকল আহতকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। মৃত আবদুল রহমান মল্লিক ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে এবং সেখানেই তিনি গতকাল মারা যান।

যদিও স্থানীয় সূত্রের বক্তব্য, দুই গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল গ্রাম্য আধিপত্য ও পঞ্চায়েতের টেন্ডার বন্টন নিয়ে। বুধবার জমিতে ছাগল চড়ানো ও ধান খাওয়া নিয়ে অশান্তি তৈরি হলে, পুলিশ এলেও তা সামাল দেওয়া যায়নি। পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে বাহিনী নিয়ে রুটমার্চ করেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল। এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প পর্যন্ত বসানো হয়েছে স্থানীয় থানার উদ্যোগে। তবে বিধায়ক অভিজিৎ সিংহ গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি মানতে নারাজ। তাঁর বক্তব্য, “দুই পরিবারের মধ্যে বিবাদ হয়েছিল গ্রামে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে। দলের কোনও সম্পর্ক নেই এর সঙ্গে। দ্বন্দ্ব নেই কোনও।”

Related Articles