রাজ্যের খবর

ফের এসআইআরের আতঙ্কে আত্মহত্যা, আত্মঘাতী বহরমপুরের এক ব্যক্তি

তিনি বহরমপুর পৌরসভার ২৪ নং ওয়ার্ডের গান্ধী কলোনি উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

Truth Of Bengal: বাংলায় এসআইআর হবে ঘোষণা হওয়ার পর থেকেই এর আতঙ্কে একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে রাজ্যে। এবার আত্মঘাতী হয়ে মৃত্যুর তালিকায় নাম উঠল বহরমপুরের এক ব্যক্তির। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার পাশাপাশি পুরোনো কোনও নথিও নেই, তাই কিভাবে নাম তুলবেন, সেই চিন্তা থেকেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি বলে পরিবারের অভিযোগ। পুলিশের তরফ থেকেও গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

জানা গিয়েছে, সেই মৃত ব্যক্তির নাম তারক সাহা। তাঁর বয়স ৫২ বছর। তিনি বহরমপুর পৌরসভার ২৪ নং ওয়ার্ডের গান্ধী কলোনি উত্তরপাড়া এলাকার বাসিন্দা। পরিবারের বক্তব্য, বৃহস্পতিবার দুপুরে তিনি আত্মঘাতী হন গাছে গলায় ফাঁস দিয়ে। পুলিশকে খবর দেওয়ার পর তাঁকে দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

যখন ঘটনাটি ঘটে, তখন বাড়িতে ছিলেন না মৃতের স্ত্রী প্রিয়া সাহা। তিনি জানান যে রাতে তাঁর স্বামী আতঙ্কিত ছিলেন ২০০২ সালের ভোটার তালিকায় নাম না পাওয়া নিয়ে। বন্ধুবান্ধবদেরও জানানো হয়। এদিন দুপুরে পাওয়া গেল তাঁর ঝুলন্ত দেহ। এই ঘটনার পর সকল এলাকাবাসী এসআইআর আতঙ্কে ভুগছেন। তারক সাহার মৃত্যুর খবর জানাজানি হতেই ঘটনাস্থলে যান পৌরসভার শাসকদলের কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক। তাঁর বক্তব্য, “বিরোধীরা আতঙ্কিত করে তুলছে সাধারণ মানুষকে চক্রান্ত করে ভুল তথ্য দিয়ে।” এবার দেখার যে আগামীদিনে রাজ্য সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় এই ব্যাপারে।

Related Articles