রাজ্যের খবর

Mallikpur: জগদ্ধাত্রী প্রতিমা ভাঙাকে কেন্দ্র করে রণক্ষেত্র মল্লিকপুর! দুষ্কৃতীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল জনতা

বুধবার সকালে পূজো উদ্যোক্তা থেকে শুরু করে বহু সাধারণ মানুষ এলাকায় বিক্ষোভ দেখান পথ অবরোধ করে।

Truth of Bengal: জগদ্ধাত্রী প্রতিমা ভাঙাকে কেন্দ্র করে অশান্তির চিত্র মল্লিকপুর বটতলা এলাকায়। চাহিদা অনুযায়ী মূর্তি গড়ার কাজ চালাচ্ছিলেন মৃৎশিল্পী ভক্ত দাস। তবে মঙ্গলবার রাতে ৩টি মূর্তির হাত, আঙ্গুল ও অন্যান্য অংশ দুষ্কৃতীরা ভেঙে দেয় বলে অভিযোগ। বুধবার সকালে পূজো উদ্যোক্তা থেকে শুরু করে বহু সাধারণ মানুষ এলাকায় বিক্ষোভ দেখান পথ অবরোধ করে।

ঘটনার খবর পেয়ে সেখানে যান মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। কিন্ত তিনিও পড়েন বিক্ষোভের মুখে। তবে জানা গিয়েছে যে তিনি হাত জোড় করে বিক্ষোভকারীদের জানান যে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে না। তিনি ও গেরুয়া শিবিরের নেতা অশোক পুরকাইত মিলে মীমাংসা করেন আলোচনা করে। সাংসদ বাপি হালদারও আসেন। তিনি বলেন, “কখনোই ছাড়া হবে না দোষীদের। অপরাধীদের দ্রুত পুলিশ ধরে ব্যবস্থা নেবে আইন অনুযায়ী।”

অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তুভদীপ্ত আচার্যের নেতৃত্বে ঘটনাস্থলে আসে এক বিশাল পুলিশবাহিনী। র‍্যাফ পর্যন্ত নামানো হয়। এছাড়া সেখানে আসেন ডিএসপি এবং বিভিন্ন থানার আইসি, ওসি সহ বড় পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স। পুলিশ প্রশাসন থেকে শুরু করে শাসক ও বিরোধী দলের নেতাদের, সকলের সহযোগিতাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অবরোধ উঠে প্রায় ঘন্টা দুয়েক পর প্রশাসনের আশ্বাসে। পুলিশের তরফ থেকে স্বাভাবিক করা হয় গাড়ি চলাচল। পাশাপাশি, মৃৎশিল্পীকে অনুরোধ করা হয় যেন ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলি দ্রুত মেরামত করে মন্ডপগুলিতে নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। তারপরই শান্ত হয় এলাকার পরিস্থিতি। বলে রাখা ভালো, এই জাতীয় ঘটনা এই প্রথম নয়, আগেও ঘটেছে।

Related Articles