আর্থিক দেনার জের? কালিয়াচকে আগ্নেয়াস্ত্রসহ যুবকের আত্মহত্যার চেষ্টা
Truth Of Bengal: মালদার কালিয়াচকে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় আজিম শেখ (২৬) নামে এক যুবককে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ Shreyas Iyer: অসুস্থ শ্রেয়সের দ্রুত আরোগ্য কামনায় ছটপুজোয় প্রার্থনা সূর্যকুমার যাদবের মায়ের
জানা গিয়েছে, ঘটনাটি কালিয়াচকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া এলাকায় ঘটেছে। ওই যুবক নিজের মাথায় গুলি চালান। তবে দ্রুত চিকিৎসার ব্যবস্থা হওয়ায় চিকিৎসকরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ব্যবসা সংক্রান্ত আর্থিক লোকসান এবং দেনার কারণেই প্লাস্টিক ব্যবসায়ী ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁর পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। যদিও ঠিক কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ নিতে গেলেন, তা এখনও স্পষ্ট নয়।
তবে এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে— ওই যুবক কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেলেন? পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। যুবক সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বলে অস্ত্রের উৎস এবং আত্মহত্যার চেষ্টার সঠিক কারণ জানার চেষ্টা করা হবে। ব্যবসায়িক দেনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে, তা তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ।






