Maoist Attack: ফের মাওবাদী সন্ত্রাস! ছত্তিসগড়ের বিজাপুরে দুই গ্রামবাসীকে কুপিয়ে খুন
শুক্রবার গভীর রাতে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে।
Truth of Bengal: ছত্তিসগড়ের বিজাপুর জেলায় ফের মাওবাদী সন্ত্রাসের ছায়া। জেলার বাসাগুড়া থানা এলাকার নেলা কাঙ্কের গ্রামে দুই গ্রামবাসীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে মাওবাদীদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ মনে করছে, কোণঠাসা মাওবাদীরা এলাকায় ফের সন্ত্রাস ছড়াতে এই ঘটনা ঘটিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত দুই ব্যক্তির নাম রবি কাটটাম (২৫) এবং তিরুপতি সোধী (৩৮)। তাঁরা দু’জনেই নেলা কাঙ্কের গ্রামেরই বাসিন্দা ছিলেন। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট দাগ রয়েছে। যদিও এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। উসুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, “ঘটনার যথাযথ তদন্ত করা হবে। অভিযুক্তদের খোঁজ চলছে।”
উল্লেখ্য, ছত্তিসগড় রাজ্য সরকার ২০২৬ সালের মার্চের মধ্যে রাজ্য থেকে মাওবাদীদের সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্য নিয়েছে। এই লক্ষ্য পূরণের জন্য রাজ্যজুড়ে লাগাতার অভিযানও চলছে। কিন্তু এই কঠোর অভিযানের মাঝেই দুই গ্রামবাসীকে কুপিয়ে খুনের ঘটনাটি ঘটায় এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ড মাওবাদীদের মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার সামনে নতুন চ্যালেঞ্জ এনে দিয়েছে।






