Sarkozy Imprisonment: কারাগারে ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট সারকোজি! লিবিয়া দুর্নীতি মামলায় শুরু হল হাজতবাস
সারকোজিকে কারাগারে নিয়ে যাওয়ার সময় তাঁর বাসভবনের সামনে বহু সমর্থককে জড়ো হতে দেখা যায়। সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান প্রাক্তন প্রেসিডেন্ট।
Truth of Bengal: ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণার পর অবশেষে মঙ্গলবার শুরু হলো তাঁর হাজতবাস। একাধিক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত এই দাপুটে নেতাকে এদিন প্যারিসের লা সান্তে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। সারকোজিকে কারাগারে নিয়ে যাওয়ার সময় তাঁর বাসভবনের সামনে বহু সমর্থককে জড়ো হতে দেখা যায়। সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান প্রাক্তন প্রেসিডেন্ট। এ সময় মোটরবাইক ও গাড়ির বহর তাঁর গাড়িকে ঘিরে রেখেছিল। কারাবাসের ঠিক আগে তাঁকে মন্তব্য করতে শোনা যায়, “নিরপরাধ মানুষকে বন্দি করা হচ্ছে।”
নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে বেআইনিভাবে তহবিল সংগ্রহের অভিযোগে দোষী সাব্যস্ত হন ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো সারকোজি। সাজা ভোগের সময় তাঁকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে দিন কাটাতে হবে। জানা যাচ্ছে, তাঁকে একা একটি সেলে রাখা হয়েছে এবং ব্যায়ামের সময়ও তিনি একা থাকবেন। কারাগারে প্রবেশের আগে সারকোজি অবশ্য দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, “আমি কারাগারকে ভয় পাই না। জেলের অন্দরেও আমি মাথা উঁচু করেই রাখব।” স্মরণীয় যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি সহযোগী মার্শাল ফিলিপ পেতাঁ ছিলেন প্রথম প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট যাঁকে জেলে যেতে হয়েছিল। সারকোজি সেই তালিকায় দ্বিতীয় প্রাক্তন প্রেসিডেন্ট।
সারকোজির বিরুদ্ধে শুধু তহবিল তছরূপই নয়, ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগও ছিল। ২০০৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনের সময় ব্যয় সংক্রান্ত একটি মামলা সম্পর্কে গোপন তথ্য জানতে তিনি এক বিচারককে মোনাকোয় একটি উঁচু পদে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। মামলাটির অভ্যন্তরীণ তথ্য জানার জন্য তিনি গিলবার্ট আজিবার্টকে এই উচ্চ পদ দেওয়ার কথা বলেছিলেন বলে অভিযোগ ওঠে। প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের এই কারাবাস ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে এক নতুন এবং উল্লেখযোগ্য অধ্যায় রচনা করল।






