বিনোদন

কেন শেষকৃত্য সম্পন্নের পর দেওয়া হল খবর? জানালেন আসরানীরের স্ত্রী

বলিউডের প্রথম শাড়ির অভিনেতা থেকে শুরু করে সকলেই শোকপ্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে।

Truth Of Bengal: কয়েকদিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সম্প্রতি না ফেরার দেশে চলে যান হিন্দি ছবির একসময়ের জনপ্রিয় কৌতুকাভিনেতা আসরানী। তাঁর বয়স মৃত্যুকালীন ছিল ৮৪। এই খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে গোটা বিনোদন জগতে। বলিউডের প্রথম শাড়ির অভিনেতা থেকে শুরু করে সকলেই শোকপ্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে। দীপাবলীর সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে সব শেষ হওয়ার পর কেন খবরটি জানানো হলো?

এবার সেই ব্যাপারে মুখ খুললেন আসরানী জায়া মঞ্জু। কী বক্তব্য তাঁর? তিনি জানিয়েছেন যে এটিই ইচ্ছা ছিল প্রয়াত অভিনেতার। মঞ্জু আসরানী বলেন, “উনি বলে গিয়েছিলেন যে উনি মরতে চান আর পাঁচটি সাধারণ মানুষের মতো। উনি বলেছিলেন যে মৃত্যুর পর সংবাদমাধ্যমের উনি প্রচার চান না।” সেই কথামতোই শেষকৃত্য সম্পন্ন হয়েছে পরিবারের ঘনিষ্ঠদের মধ্যে।

উল্লেখ্য, আসরানীর আসল নাম গোবর্ধন আসরানী। তিনি অভিনয় করেছেন প্রায় সাড়ে ৩০০ হিন্দি ছবিতে। তাঁর ফিল্মি কেরিয়ার ৫ দশকের। ৭০ থেকে ৮০ দশকে, তিনি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। একাধিক উল্লেখযোগ্য চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। বিশেষ করে যেই চরিত্রে তাঁকে দেখা গিয়েছিলো ‘শোলে’ ছবিতে, তা তাঁকে বিখ্যাত করে দেয় রাতারাতি। কৌতুকাভিনেতার মৃত্যুতে বেশ দুঃখ পেয়েছেন তাঁর অনুগামীরা। সকলে জানতে পেরেই সোশ্যাল মিডিয়া জুড়ে এই নিয়ে পোস্টও করেছিলেন। তাঁদের বক্তব্য, হিন্দি সিনেমা হারালো এক মূল্যবান রত্নকে এবং এটি একটি অপূরণীয় ক্ষতি।