আন্তর্জাতিক

বৃষ্টিতে ভয়াবহ অবস্থা মেক্সিকোর, মৃত ৫০, আহত বহু

একাধিক মানুষ আহত ও নিহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুটোরই সংখ্যা ছাড়িয়েছে ৫০।

Truth Of Bengal: অসময়ে বৃষ্টির জেরে চরম শোচনীয় অবস্থা উত্তর আমেরিকার মেক্সিকোর। লাগাতার বৃষ্টি হওয়ায় তৈরি হয়েছে বন্যা ও ভূমিধস এবং এর ফলে ক্ষতবিক্ষত অবস্থা গাল্ফ পোস্ট ও দেশের মধ্যাঞ্চলের। ভেসে গিয়েছে বেশ কয়েকটি রাস্তা, যার ফলে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। একাধিক মানুষ আহত ও নিহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুটোরই সংখ্যা ছাড়িয়েছে ৫০।

প্রশাসনের বক্তব্য, “নদীগুলি এমনিতেই ফুলেফেঁপে ছিল মরশুমি বৃষ্টির ফলে। গত সপ্তাহে বৃষ্টি চলে যাওয়ার ঠিক আগে নিম্নচাপ হওয়ায় টানা বৃষ্টি হয়। এর ফলে পরিস্থিতির বেশ চিন্তাজনক হয়ে ওঠে।” সেই দেশের প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, “এরকম পরিস্থিতি হবে তা কেউ ভাবতে পারেনি। ভেঙে গিয়েছে অন্তত ১ লক্ষ বাড়ি। ধসের খবর উঠে এসেছে একাধিক জায়গা থেকে। অধিকাংশ অঞ্চলই ডুবে গিয়েছে জলে। সেনার তরফ থেকে নামা হয়েছে উদ্ধারকাজে।”

প্রশাসন আরও জানিয়েছে যে বন্যার ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখ দেখেছে হিডালগো এবং ভেরাক্রুজ রাজ্য। দুই জায়গাতেই মৃতের সংখ্যা ৫০। এছাড়া নিখোঁজের সংখ্যা ৬১। অনেক ব্রিজ ভেঙে গিয়েছে। হেলিকপ্টার ও নৌকার দ্বারা চেষ্টা চালানো হচ্ছে উদ্ধারের। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে ৫টি রাজ্যে। স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে। যৌথভাবে কাজে নেমেছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Related Articles