রাজ্যের খবর

দেগঙ্গায় রেস্তোরাঁয় তাণ্ডব! তোলাবাজির অভিযোগে গ্রেফতার ৩ বিজেপি কর্মী

ক্যাফের ম্যানেজারকে মারধরের পাশাপাশি ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন কর্তৃপক্ষ

Truth of Bengal: দেগঙ্গায় রেস্তোরাঁয় ঢুকে ভাঙচুর, মারধর ও টাকা লুঠের অভিযোগে গ্রেফতার তিন বিজেপি কর্মী। তোলাবাজির টাকা না পেয়ে এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রেস্তোরাঁ কর্তৃপক্ষের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরই দেগঙ্গা থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত গত ৪ নভেম্বর। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ‘ইকো ক্যাফে’তে হামলা ও তোলাবাজির অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। ক্যাফের ম্যানেজারকে মারধরের পাশাপাশি ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন কর্তৃপক্ষ। এরপরই দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ক্যাফের মালিক।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করে বিজেপি। তাদের অভিযোগ ছিল, ক্যাফের পাশেই অবস্থিত ‘লেক প্যালেস’ নামে একটি গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে মধুচক্রের কারবার চলছে। দশমীর দিন স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ এই অভিযোগ তুলেছিল। সেই ঘটনার পরই ক্যাফেতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তবে ঘটনার পর সামনে আসে সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায়, ক্যাশ কাউন্টারের ড্রয়ার খুলে টাকা বের করছেন এক ব্যক্তি। অন্যদিকে, ক্যাফের ম্যানেজারকে মারধর করার ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। একটি ফুটেজে দেগঙ্গার ৩ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক বিকাশ দাসকে ক্যাশ কাউন্টার থেকে টাকা বের করতে দেখা গিয়েছে বলে অভিযোগ। সেই ফুটেজের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। এরপর তিন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়।

হামলার পর বেশ কয়েকদিন বন্ধ ছিল ইকো ক্যাফে। সম্প্রতি ফের সেটি চালু করা হয়েছিল। কিন্তু গ্রেফতারির ঘটনায় এলাকায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগেও তোলাবাজির প্রতিবাদ করায় বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল ডেবরার বিজেপি বিধায়কের বিরুদ্ধে। এবার দেগঙ্গায় বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ সামনে আসায় অস্বস্তিতে গেরুয়া শিবির। যদিও এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ওঠা অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্ত ও বিচারপ্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

Related Articles