নেপালের ছবি মাদাগাস্কারে! ‘জেন জি’-র বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট
মঙ্গলবার সেনাকর্তা কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা বিষয়টি নিশ্চিত করেন।
Truth Of Bengal: ‘জেন জি’র বিক্ষোভ এতটাই উগ্র হয়ে ওঠে যে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালান মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা। সরকার পড়লেও এখনও সেখানে জ্বলছে অশান্তির আগুন। এমন পরিস্থিতিতে ক্ষমতা নিজেদের হাতে তুলে নিল সেনাবাহিনী। মঙ্গলবার সেনাকর্তা কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর পানীয় জল ও বিদ্যুৎ সংকটের জেরে ক্ষুব্ধ আন্তানানারিভোর বাসিন্দাদের একাংশ প্রতিবাদ জানিয়েছিলেন। যদিও অনেক আগে থেকেই ক্ষোভ জন্মাচ্ছিল সরকারের বিরুদ্ধে এবং অল্প সময়ের মধ্যে তা বড় আকার নাই গোটা মাদাগাস্কারে। বিক্ষোভে সামনে থেকে নেতৃত্ব দেয় যুবসমাজ। অক্টোবর মাসের প্রথমদিনে গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করা হয় রাজোয়েলিনার তরফ থেকে। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। জনগণের পাশে দাঁড়ায় সেনাবাহিনী এবং আওয়াজ তোলে প্রেসিডেন্টের বিরুদ্ধে।
এমন পরিস্থিতিতে গোপনে দেশ ছাড়েন রাজোয়েলিনা। এক ফরাসি সংবাদমাধ্যম মারফত জানা যায় যে তাঁকে দেশ থেকে নিয়ে যাওয়া হয় ফরাসি সামরিক বিমান করে। তবে দেশ ছাড়ার পর এক বিবৃতিতে রাজোয়েলিনা নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি দাবি করেন যে তাঁর প্রাণহানির সম্ভাবনা রয়েছে দেশে এবং সেই কারণেই নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। রয়টার্সকে মাদাগাস্কারের এক বিরোধী দলের প্রধান, সেনাবাহিনী ও একজন বিদেশি কূটনীতিক জানিয়েছেন ফরাসি সামরিক বিমানে চেপে রাজোয়েলিনার দেশ ছাড়ার কথা। এমন আবহাওয়ায় সকলের নজর থাকবে রাজোয়েলিনার মাদাগাস্কারের মাটিতে কবে ফিরবে, তার উপর। শুধু তাই নয়, সেনাবাহিনী কীভাবে পরিস্থিতি সামাল দেয়, সেদিকেও নজর থাকবে গোটা বিশ্বের।






