যুদ্ধ থামবে এবার? ৩ দিনের জন্য ইউক্রেনে হামলা বন্ধের ঘোষণা পুতিনের
প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ থামাতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান মেলেনি।
Truth of Bengal: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ফের কূটনৈতিক তৎপরতা শুরু করেছে আমেরিকা। সেই লক্ষ্যেই শনিবার মস্কো পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। তাঁদের সফরের মাঝেই বড় ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী তিন দিন ইউক্রেনে কোনও হামলা চালাবে না রুশ সেনা বলে জানানো হয়েছে।
প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ থামাতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান মেলেনি। মার্কিন দূতদের মস্কো সফরের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানান, আলোচনার সময় কিয়েভের তরফে কোনও বিমান হামলা চালানো হবে না। একই পদক্ষেপ নেওয়ার জন্য মস্কোর কাছেও আবেদন জানিয়েছিলেন তিনি।
জেলেনস্কির ঘোষণার পরই তিন দিনের হামলা বন্ধ রাখার কথা জানালেন পুতিন। তবে তার আগের দিনই ইউক্রেনের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। পাল্টা রাশিয়ার ভূখণ্ডেও দূরপাল্লার ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন।
এদিকে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে একটি মার্কিন প্রস্তাব নিয়ে মস্কোয় গিয়েছেন উইটকফ ও কুশনার বলে জানা যাচ্ছে। পুতিন ও রুশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর রবিবার তাঁদের কিয়েভ যাওয়ার কথা। সেখানে জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা। ফলে এই সফরকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের নতুন কূটনৈতিক প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।






