Kangana Statement: বিতর্কের কেন্দ্রে ফের কঙ্গনা, ‘শাহরুখের স্ট্রাগল বড় নয়, ছবি হিট করাতে খানদের দরকার কী?’
Truth of Bengal: বিতর্ক যেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের জন্য এক স্বাভাবিক ঘটনা। পরিস্থিতির চাপে হোক বা নিজের বক্তব্যের কারণে, প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলিউডের দুই খান— শাহরুখ খান ও সলমন খানকে নিয়ে এমন মন্তব্য করেছেন, যা শুনে রীতিমতো হতবাক তাদের অনুরাগীরা (Kangana Statement)।
সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়েছিল, কেন তিনি শাহরুখ বা সলমনের মতো তারকাদের সঙ্গে সিনেমা করেন না। এই প্রশ্নের উত্তরে নিজের স্ট্রাগলের দিনগুলির কথা তুলে ধরেন কঙ্গনা। তিনি বলেন, “আমি হিমাচলের ছোট্ট একটি গ্রাম থেকে উঠে এসেছি এবং নিজেকে তৈরি করেছি। আর শুনতে হয়, শাহরুখের স্ট্রাগল নাকি মস্ত বড়! শাহরুখ তো দিল্লির ছেলে, কনভেন্টে পড়াশোনা করেছে। আজ আমি শাহরুখের থেকে কম কোথায়!”
খানদের সঙ্গে অভিনয় না করার কারণ ব্যাখ্যা করে কঙ্গনা জানান, একটা সময় তিনি নিজেও শাহরুখ, সলমনদের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় তাকে বলা হয়েছিল, ‘তার মধ্যে হিরোইনের উপাদান নেই’। কঙ্গনার দাবি, এরপর ‘কুইন’, ‘তন্নু ওয়েডস মন্নু’ এবং ‘মণিকর্ণিকা’-র মতো ছবিতে অভিনয় করে তিনি দর্শকের বিপুল প্রশংসা পান। তার বর্তমান মনোভাব স্পষ্ট করে তিনি বলেন, “এখন মনে করি, আমি একাই যদি ছবি হিট করাতে পারি, তাহলে খানদের দরকার কোথায়!”
তবে কঙ্গনার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘এমার্জেন্সি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এরপর থেকে কঙ্গনাকে সিনেমার পর্দায় সেভাবে দেখা যায়নি। এমনকি, রাজনীতির ময়দানে পা রেখেও তিনি তেমন সাফল্য পাননি। বেশ কয়েক মাস ধরে কঙ্গনার প্রযোজনা সংস্থার হাতেও উল্লেখযোগ্য কোনো কাজ নেই। কোনোমতে চলছে তার হিমাচলের ক্যাফেটি। সব মিলিয়ে কঙ্গনার জন্য এখন এক কঠিন লড়াইয়ের সময় চলছে। এই সাক্ষাৎকারে তিনি নিজের সেই লড়াই ও টিকে থাকার কথাই তুলে ধরেছেন (Kangana Statement)।






