খেলা

রঞ্জিতে খেললেও কেন জাতীয় দলে সুযোগ পাচ্ছি না, নির্বাচকদের প্রশ্ন শামির

সীমিত ওভারের এই দুই সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

Truth Of Bengal: চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে মেন-ইন-ব্লুজরা। সীমিত ওভারের এই দুই সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু সেই দলে সুযোগ হয়নি বাংলার পেসার মহম্মদ শামির। তা নিয়ে তিনি যে নির্বাচকমণ্ডলীর ওপর যথেষ্ট ক্ষুব্ধ তা স্পষ্টভাবে জানিয়েও দিলেন বাংলার পেসার।

এই প্রসঙ্গে শামি বলেন, ‘আমার ফিটনেশ সমস্যা নিয়ে যে তথ্য সামনে আনা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। কেননা নির্বাচকদের মাথায় রাখা উচিত, আমি যখন রঞ্জি ট্রফিতে খেলতে পারছি, তার মানে ৫০ ওভারের ম্যাচের জন্যও আমি পুরোপুরি তৈরি।’

এরপর শামির আরও সংযোজন, ‘আমার ফিটনেশ সম্বন্ধে যাবতীয় আপডেট আমি উপযাচক হয়ে বোর্ড কর্তাদের কাছে কিছু বলব না। কর্তাদের উচিত আমার কাছে জিজ্ঞেস করা। এবং আমার প্রশ্ন, সেটা হল আমি যদি পুরোপুরি সুস্থই না হতাম, তাহলে তো বেঙ্গালুরুরু ন্যাশানাল অ্যাকাডেমিতেই থাকতাম। মাঠে ম্যাচ খেলতাম না নিশ্চয়ই।’

এদিকে শামির এমন মন্তব্য যে ব-কলমে আগরকরকেই খোঁচা, তা আর বলার অপেক্ষা রাখে না। কেননা, শামির প্রসঙ্গে অজিত আগরকরকে জিজ্ঞাসা করা হলে কয়েকদিন আগেই আগরকর জানিয়েছিলেন, ‘শামির বিষয়ে নতুন কোনও আপডেট নেই। তবে বাংলার হয়ে একটা দুটো ম্যাচে মাঠে নেমেছে ঠিক কথাই, কিন্তু তাঁকে পরিষ্কার মনে রাখতে হবে, দলে ঠাঁই পেতে গেলে পারফরম্যান্স করতে হবে।’ এখন দেখার রঞ্জিতে ভাল পারফরম্যান্স করার পর পরবর্তী সিরিজগুলিতে শামির দরজা জাতীয় দলে আবার খোলে কি না।

Related Articles