বিপদের মেঘ কাটছেই না খান পরিবারে! এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সেলিম খান
নবতিপর সেলিম খানকে তড়িঘড়ি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Truth of Bengal: খান পরিবারে যেন বিপদের মেঘ কাটছেই না। গত বছর থেকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি আর একের পর এক উড়ো চিঠিতে তটস্থ সলমন খান ও তাঁর পরিবার। সম্প্রতি তাঁর ভগ্নিপতি আয়ুষ শর্মাকেও দেওয়া হয়েছে খুনের হুমকি। এই টানটান উত্তেজনার মাঝেই ফের দুঃসংবাদ— অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার তথা সলমনের বাবা সেলিম খান।
বলিউড সূত্রে খবর, নবতিপর সেলিম খানকে তড়িঘড়ি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবার অসুস্থতার খবর পেয়েই শ্যুটিং ফেলে হাসপাতালে ছুটে যান ভাইজান। যদিও পরিবারের পক্ষ থেকে সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি, তবে ঘনিষ্ঠ মহলের দাবি, বার্ধক্যজনিত সমস্যার কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, লীলাবতী হাসপাতাল থেকে বেরোনোর সময় সলমন খানের মুখ ছিল যথেষ্ট শুকনো ও চিন্তিত। কালো টি-শার্ট ও সাধারণ প্যান্ট পরা সলমন কড়া নিরাপত্তার ঘেরাটোপে দ্রুত হাসপাতাল চত্বর ত্যাগ করেন। উপস্থিত সংবাদমাধ্যম বা পাপারাজ্জিদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি। প্রিয় তারকার এই বিষণ্ণ চেহারা দেখে উদ্বেগ ছড়িয়েছে মায়ানগরীর অনুরাগী মহলে।
উল্লেখ্য, সেলিম খান ভারতীয় সিনেমার ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। জাভেদ আখতারের সঙ্গে তাঁর জুটি সত্তর ও আশির দশকে ‘শোলে’, ‘জঞ্জির’, ‘দিওয়ার’ কিংবা ‘ডন’-এর মতো কালজয়ী সিনেমার জন্ম দিয়েছে। সেলিম খানের দ্রুত আরোগ্য কামনায় সরব হয়েছেন বলিউডের তারকারা ও তাঁর অগণিত ভক্ত। বান্দ্রার বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের খুব কাছেই লীলাবতী হাসপাতাল হওয়ায় চিকিৎসার তদারকি করতে সুবিধা হচ্ছে পরিবারের।






