মাদাগাস্কারেও ‘জেন জি’ বিক্ষোভ, দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট
রাজোয়েলিনা অভ্যুত্থান সম্পর্কে দাবি করেন যে গত মাসের, অর্থাৎ সেপ্টেম্বরের, ২৫ তারিখ থেকে অভ্যুত্থানের চেষ্টা চলছে দেশে।
Truth Of Bengal: এবার নেপালের আঁচ পড়ল আফ্রিকায়। দেখা গেল ‘জেন জি’র বিক্ষোভ। তা এতটাই উগ্র হয়েছে যে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। এমনটাই জানা গিয়েছে রয়টার্সের প্রতিবেদন মারফত। রাজোয়েলিনা একটি ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি দাবি করেছেন যে তিনি এই মুহূর্তে রয়েছেন এক নিরাপদ জায়গায়। তবে দেশ ছাড়ার বিষয়ে তিনি কোনওকিছু জানাননি।
রাজোয়েলিনা অভ্যুত্থান সম্পর্কে দাবি করেন যে গত মাসের, অর্থাৎ সেপ্টেম্বরের, ২৫ তারিখ থেকে অভ্যুত্থানের চেষ্টা চলছে দেশে। এর পাশাপাশি তিনি তুলে ধরেন তাঁকে হত্যা করার ষড়যন্ত্রের কথা। কী বক্তব্য রাজোয়েলিনার? তিনি বলেন, “আমাকে হত্যা করার পরিকল্পনা করেছেন কয়েকজন সামরিক কর্তা এবং রাজনীতিবিদ এবং সেই কারণেই আমি বাধ্য হয়েছি নিজেকে বাঁচাতে নিরাপদ স্থানে যেতে।”
যদিও রাজোয়েলিনা নিজেকে বাঁচাতে এখন কোথায় আশ্রয় নিয়েছেন, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে রয়টার্স জানিয়েছে যে তিনি পালিয়েছেন ফ্রেঞ্চ সামরিক হেলিকপ্টারে। কিন্তু দেশের বিরোধী নেতারা নিশ্চিত তাঁর দেশ ছেড়ে পালানোর বিষয়ে। সাইটনি র্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো নামে এক বিরোধী নেতা রয়টার্সকে সাক্ষাৎকারে জানিয়েছেন এই ব্যাপারে। তিনি বলেন, “আমাদের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল রাষ্ট্রপতি ভবনের কর্মীদের সঙ্গে। প্রেসিডেন্ট যে দেশ ছেড়ে পালিয়েছেন, তা নিশ্চিত করেছেন তাঁরা।”
প্রসঙ্গত, মাদাগাস্কারের যুবসমাজ আন্দোলন শুরু করে সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে। তাঁদের দাবি, ঘাটতি মেটাতে হবে জল এবং বিদ্যুতের। আন্দোলনকারীদের হাতে দেখা গিয়েছে জাপানি মাঙ্গার ওয়ান পিস পতাকা। ধীরেধীরে তা হিংসাত্মক রূপ নেয়। বিদ্রোহীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন সেনাবাহিনীর কয়েকটি ইউনিটও। দাবি করা হচ্ছে যে এমনটার পরই প্রেসিডেন্টের তরফ থেকে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।




