এভারেস্টে তুষারঝড়, এভারেস্টে আটকে শত শত পর্যটক
প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে, রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।
Truth Of Bengal: উৎসবের মরসুমে প্রকৃতির রোষে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই মৃত ও নিখোঁজের সংখ্যা বাড়ছে। আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও এখনও চারপাশে ছড়িয়ে রয়েছে দুর্যোগে বিপর্যয়ের ছবি। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে, রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। এক রাতের ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত গোটা পাহাড়। উত্তরবঙ্গ থেকে নেপাল, মৃত্যু আর ধ্বংসের ছবি। এর মধ্যেই খবর পাওয়া গিয়েছে, তিব্বতে মাউন্ট এভারেস্টে বৃষ্টি ও তীব্র তুষারঝড়ে আটকে পড়েছেন অন্তত এক হাজার পর্যটক। তাঁদের উদ্ধারে শুরু হয়েছে অভিযান। ইতিমধ্যে ৩৫০ জনকে উদ্ধার করে কাছাকাছি কিউডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।(Mount Everest)
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, আরও ২০০ জন পর্যটকের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় গ্রামগুলির বাসিন্দারাও পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ভয়ংকর দুর্যোগে প্রায় এক হাজার ট্রেকার আটকে পড়েছেন। তিব্বতে এভারেস্টের পূর্ব দিকের ঢালটি পর্বতারোহীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ট্রেকিং-এর জন্য তাঁরা সেখানে জড়োও হয়েছিলেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে সেখানে ভারী তুষারপাত শুরু হয় এবং ক্রমশ তা বাড়তে থাকে।(Mount Everest)
চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, তিব্বতের উদ্ধারকারী দল ‘ব্লু স্কাই রেসকিউ’-এর কাছে সাহায্য চেয়ে একটি ফোন আসে। বলা হয়, ব্যাপক তুষারপাতের জেরে পর্যটকদের ক্যাম্পের তাঁবুগুলো ভেঙে পড়েছে এবং কয়েকজন পর্বতারোহী এর মধ্যেই অতিরিক্ত ঠান্ডায় হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে আসছে। এরপরই স্থানীয়দের সাহায্যে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়।(Mount Everest)






